প্রচারণায় ব্যস্ত আওয়ামী লীগ ঋণখেলাপিতে প্রার্থী বাতিল হওয়ায় মাঠে নেই বিএনপি

মানিকগঞ্জ সদর ও সাটুরিয়া উপজেলা নিয়ে গঠিত মানিকগঞ্জ-৩ আসনে মহাজোট প্রার্থী আওয়ামী লীগ দলীয় বর্তমান সংসদ সদস্য ও স্বাস্থ্য প্রতিমন্ত্রী আলহাজ জাহিদ মালেক স্বপনের পক্ষে ব্যাপক প্রচারণা থাকলেও ঋণখেলাপি হওয়ার কারণে বিএনপির আফরোজা খান রিতার প্রার্থিতা বাতিল হওয়ায় প্রচারণায় মাঠে নেই বিএনপি’র নেতাকর্মীরা। অন্য চার প্রার্থী-সমর্থকদেরও মাঠে তেমন দেখা যাচ্ছে না।

মানিকগঞ্জ-৩ আসনে অন্য প্রার্থীরা হলেন জাতীয় পার্টির প্রার্থী মোঃ জহিরুল ইসলাম রুবেল (লাঙ্গল), গণফোরামের প্রার্থী সাবেক এমপি মফিজুল ইসলাম কামাল(সূর্য প্রতীক), ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মোঃ ইব্রাহীম হোসেন (হাত পাখা) ও বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মোঃ রফিকুল ইসলাম অভি (কোদাল)। এ আসনে আওয়ামী-লীগের প্রার্থী আলহাজ জাহিদ মালেক স্বপন এমপি’র পক্ষে শহর থেকে গ্রামের প্রত্যন্ত এলাকায় নৌকা মার্কার পোস্টার লাগানো ও মাইকিং চলছে সারাদিন। অপরদিকে বিএনপি’র প্রার্থী আফরোজা খানম রিতার বিরুদ্ধে সোনালী ব্যাংকের ১৮০০ কোটি টাকা ঋণখেলাপি হওয়ার অভিযোগ থাকায়  তার মনোনয়নপত্র বাতিল করেছে হাইকোর্ট। এজন্য বিএনপি’র নেতাকর্মীরা মাঠে নেই।

আওয়ামী-লীগের প্রার্থী স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক স্বপন ক্ষমতায় আসার পর নিজের একক প্রচেষ্টায় তার নির্বাচনী এলাকায় গত ১০ বছরে ১০৬টি প্রকল্পের প্রায় ৩ হাজার কোটি টাকার উন্নয়ন করেছেন। এছাড়া ব্যক্তিগত অর্থায়নের উন্নয়ন প্রকল্পগুলো হলো- কর্নেল মালেক উচ্চ বিদ্যালয় আঙ্গুটিয়া, কর্নেল মালেক সরকারি প্রাথমিক বিদ্যালয় গড়পাড়া, জাহিদ মালেক সরকারি প্রাথমিক বিদ্যালয় মেঘশিমুল জাগীর, ফৌজিয়া মালেক সরকারি প্রাথমিক বিদ্যালয় হরগজ, হরগজ স্বাস্থ্য কমপ্লেক্স।  এ সমস্ত উন্নয়ন কাজ বিবেচনা করে ভোটাররা আবারো নৌকাতে ভোট দেবেন বলে আশাবাদী তিনি।