গুরুদাসপুরে দুই নারীর আত্মহত্যা

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি

গুরুদাসপুরে শান্তনা (১৭) নামে এক নারী এবং একই রাতে উপজেলার সাবগাড়ি এলাকায় ইতিয়ারা বেগম (২০) নামে আরেক নারী পাঁচ মাসের পুত্রসন্তান রেখে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেন। শুক্রবার রাতে এ দুই ঘটনা ঘটে। শান্তনা গুরুদাসপুর পৌর সদরের নারীবাড়ি মহল্লার ছিটকাপড় ব্যবসায়ী সুকচান আলীর মেয়ে ও ইতিয়ারা সাবগাড়ির পুলিশ সদস্যের স্ত্রী।

জানা যায়, পাঁচ বছর আগে শান্তনার বড়ো বোন শাপলা ও আরো তিন বছর আগে বড়ো ভাই পলাশ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। শুক্রবার রাতে দুই ভাইবোনের মতো আত্মহত্যা করে শান্তনা। দুই বছর আগে চাটমোহরের মিন্টু বিশ্বাসের সঙ্গে মোবাইলে প্রেম করে বিয়ে হয় শান্তনার। কিন্তু শান্তনা জানত না মিন্টুর ঘরে আগের বউ-সন্তান রয়েছে। এ নিয়ে মিন্টুর সঙ্গে তার পারিবারিক কলহ বাড়তে থকে। একপর্যায়ে শুক্রবার শান্তনা আত্মহত্যা করে।

অপরদিকে একই রাতে পুলিশ সদস্যের স্ত্রী ইতিয়ারাকে প্রায় যৌতুকের জন্য নির্যাতনের শিকার হতে হতো। ইতিয়ারার চাচা অধ্যক্ষ (অব.) ওমর আলী বলেন, বিয়ের সময় ইতিয়ারার স্বামী এনামুলকে আট লাখ টাকা যৌতুক দেওয়া হয়েছিল। তার পরও সে আরো যৌতুকের জন্য ইতিয়ারাকে শারীরিকভাবে নির্যাতন করত। নির্যাতন সহ্য করতে না পেরে ইতিয়ারা আত্মহত্যা করে।

গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোজাহারুল ইসলাম বলেন, তাদের আত্মহত্যার কারণ অনুসন্ধান করে ব্যবস্থা নেওয়া হবে। ইউডি মামলা হয়েছে।