ঢাকার স্যানিটেশন উন্নত করতে বিশ্বব্যাংকের ১৭ কোটি ডলার ঋণ

ইত্তেফাক রিপোর্ট

ঢাকা শহরের স্যানিটেশন সেবার মান উন্নত করার প্রকল্পে ১৭ কোটি ডলার ঋণ অনুমোদন করেছে বিশ্বব্যাংকের বোর্ড সভা। ঢাকা স্যানিটেশন ইমপ্রুভমেন্ট প্রকল্পটির মাধ্যমে বিশেষ করে ঢাকার দক্ষিণাঞ্চলের স্যানিটেশন সেবার মান উন্নত করা হবে। সেইসঙ্গে ঢাকা ওয়াসার সক্ষমতা বৃদ্ধিসহ অভ্যন্তরীণ বন্যা এবং পানিদূষণ রোধে সহায়ক হবে। ৫০ হাজার পরিবারকে নর্দমা সংযোগ সেবার আওতায় আনা হবে। সেইসঙ্গে নিম্নআয়ে বসবাসকারী মানুষকে উন্নত টয়লেট সুবিধাসহ সেপটিক ট্যাংক স্থাপন করা হবে। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর মার্সি টিমবন উল্লেখ করেন, ঢাকার নিম্নআয়ের ৩৫ লাখ পরিবার দুর্বল স্যানিটেশন পরিবেশে বসবাস করছে। এ প্রকল্পটি তাদের নিরাপদ স্যানিটেশন ব্যবস্থার সঙ্গে সঙ্গে জনস্বাস্থ্যের ঝুঁকি কমাবে।

বিশ্বব্যাংক উল্লেখ করেছে, প্রকল্পটির আওতায় পাগলা এলাকায় সুয়ারেজ সিস্টেম প্লান্ট স্থাপন করা হবে। যার ধারণ ক্ষমতা হবে দৈনিক গড়ে ১৫ কোটি লিটার। রাজধানীতে ৮৮১ কিলোমিটার সুয়ারেজ ব্যবস্থা অনেক পুরোনো। বর্ধিত জনসংখ্যার তুলনায় যা অপ্রতুল। গৃহস্থালি পয়ঃবর্জ এবং কারখানার বর্জ্য নদীতে পড়ছে। এর ফলে দূষণ ও বন্যা হচ্ছে। প্রকল্পটির মাধ্যমে ঢাকা ওয়াসার স্যানিটেশন সেবার দক্ষতা বাড়াতে সাহায্য করবে। স্যানিটেশন ব্যবস্থায় ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম এবং জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম ছাড়াও গ্রাহক সেবার মান উন্নত করা হবে। বিশ্বব্যাংকের আইডা স্কেল আপ ফ্যাসিলিটির আওতায় চার বছর রেয়াতকালসহ ৩৪ বছরে এই ঋণ পরিশোধ করতে হবে। প্রকল্পটিতে এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংকের (এআইআইবি) ১৭ কোটি ডলার এবং বাংলাদেশ সরকারের ১৪ কোটি ৩০ লাখ ডলার ব্যয়ের লক্ষ্য রয়েছে।