দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৩ আরোহীসহ নিহত ৬

গোদাগাড়ীতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন আরোহীসহ বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় ছয় জন নিহত হয়েছেন। শুক্রবার ও গতকাল শনিবার এসব দুর্ঘটনা ঘটে। প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর :

গোদাগাড়ী (রাজশাহী) : গোদাগাড়ী উপজেলায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরো দুই জন চিকিত্সাধীন। শুক্রবার রাজশাহী-ঢাকা মহাসড়কে গোদাগাড়ীর সাহাব্দিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন গোদাগাড়ী পৌর এলাকার লালবাগ হেলিপ্যাডের মাহবুবুর রহমানের ছেলে মোহাম্মদ আলী (২৮), উপজেলার উজানপাড়া গ্রামের হূদয় (২২) ও রাজশাহীর পবা উপজেলার কাঁঠালবাড়িয়া গোবিন্দপুর গ্রামের সন্তোষের ছেলে শ্যামল (২৩)।

ভূঞাপুর (টাঙ্গাইল) : ভূঞাপুরে পথচারীকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. আরিফ (২৫) নামে এক জন নিহত হয়েছেন। গতকাল ভূঞাপুর-বঙ্গবন্ধু সেতুর পূর্ব সড়কের উপজেলার চিতুলিয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আরিফ ভূঞাপুর পৌরসভার ছাব্বিশা গ্রামের উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবুর ছোটো ভাই।

সাতক্ষীরা : কলারোয়া উপজেলার জয়নগরের ধানদিয়া সড়কে মাটির ট্রাকের সঙ্গে ট্রলির ধাক্কা লেগে ট্রলিচালক নিহত হয়েছেন। নিহত ট্রলিচালক আলমগীর হোসেন (৩৫) বসন্তপুর গ্রামের বাসিন্দা।

ভাণ্ডারিয়া (পিরোজপুর) : ভাণ্ডারিয়ায় ইঞ্জিন চালিত ট্রলি চাপায় মো. মনির জমাদ্দার (২৫) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। গতকাল চরখালী-মঠবাড়িয়া সড়কের ১১৫নং ইকড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় এরাকায় এ দুর্ঘটনা ঘটে। মনির মঠবাড়িয়া উপজেলার উত্তর মিঠাখালী গ্রামের বারেক জমাদ্দারের ছেলে।