চসিকসহ সব নির্বাচন অনির্দিষ্টকালের জন্য স্থগিত

চট্টগ্রাম সিটি করপোরেশনসহ জাতীয় ও স্থানীয় সরকারের সব ধরনের নির্বাচন অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। দেশে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ার আশঙ্কায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শনিবার নির্বাচন ভবনে অনুষ্ঠিত কমিশনের ৬২তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। ঢাকা-১০সহ তিনটি সংসদীয় আসনে ভোটগ্রহণ নিয়ে ব্যাপক সমালোচনার মুখে ইসি এমন সিদ্ধান্ত নিল। কমিশন সভার পর নির্বাচন কমিশনের সিনিয়র সচিব মো. আলমগীর সব ধরনের নির্বাচন স্থগিতের ঘোষণা দেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন,                ঢাকা-১০ আসনে ভোট কম পড়ার কারণ হচ্ছে ইভিএমে জালভোট দেওয়া যায় না। কম ভোট পড়ার কারণে ইসি বিব্রত নয়।

এর আগে শনিবার সকালে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার সভাপতিত্বে কমিশনের সভা অনুষ্ঠিত হয়। প্রায় দুই ঘণ্টাব্যাপী ঐ সভায় নির্বাচন কমিশনার, ইসির সিনিয়র সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

কমিশন সভা শেষে বিকালে ইসির মিডিয়া সেন্টারে ইসির সিনিয়র সচিব মো. আলমগীর বলেন, করোনা ভাইরাস সারাবিশ্বে ক্রমান্বয়ে ছড়িয়ে পড়ছে। যদিও বাংলাদেশে সীমিত পর্যায়ে ছড়িয়েছে, মহামারি আকারে ছড়ায়নি। তাই আমাদের সতর্ক থাকতে হবে। এ কারণে ২৯ মার্চ অনুষ্ঠেয় চট্টগ্রাম সিটি, বগুড়া-১ ও যশোর-৬সহ সব নির্বাচন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে। তিনি বলেন, করোনা পরিস্থিতি আমাদের পর্যবেক্ষণে থাকবে। স্বাস্থ্য বিভাগ যখন করোনা ঝুঁকিমুক্ত বলবে তখন নির্বাচন কমিশন নতুন তারিখ ঘোষণা করবে। ইসি সূত্রে জানা গেছে, চট্টগ্রাম সিটি করপোরেশন, বগুড়া-১ ও যশোর-৬ আসনে আগামী ২৯ মার্চ ভোটগ্রহণের দিন নির্ধারিত ছিল। এদিন ফরিদপুরের চরভদ্রাসন ও রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা পরিষদসহ স্থানীয় সরকারের অর্ধশতাধিক পৌরসভা ও ইউনিয়ন পরিষদেও ভোটগ্রহণের কথা ছিল।