রাজবাড়ীতে করোনা ভাইরাস নিয়ে দুই পক্ষের বিতর্ককে কেন্দ্র করে সংঘর্ষে মো. লাভলু মোল্লা (৪৮) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে ৮টার দিকে রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের ভবদিয়া গ্রামে এ ঘটনাটি ঘটেছে। রাজবাড়ী থানা পুলিশ ঘটনায় জড়িত সন্দেহে পাঁচ জনকে আটক করেছে।
নিহত লাভলু মোল্লা রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের ভবদিয়া গ্রামের মৃত অকেল উদ্দীনের ছেলে। এ ঘটনায় নিহতের ভাই বাবলু মোল্লা (৩৫) গুরুতর আহত অবস্থায় ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন রয়েছে।
রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) স্বপন কুমার মজুমদার বলেন, এ ঘটনায় খালেক ডাক্তার গ্রুপের পাঁচ জনকে আটক করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা করা হলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মো. ফজলুল করিম বলেন, করোনা ভাইরাস নিয়ে গত তিন দিন আগে স্থানীয় খালেক ডাক্তারের সঙ্গে নিহতের ভাই মান্নানের কথা-কাটাকাটির জেরে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে আহত লাভলু মোল্লাকে রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে তার মৃত্যু হয়।