যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত পর্বতারোহী ওয়াসফিয়া

পর্বতারোহী ও সমাজকর্মী ওয়াসফিয়া নাজরিন যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কোয়ারেন্টাইনে আছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে নিজেই এই তথ্য জানিয়েছেন। তিনি লিখেছেন, হ্যাঁ, আমি কোভিড-১৯ এর সঙ্গে লড়ছি কিন্তু সব কিছু ঠিক হয়ে যাবে। আমি এটা পোস্ট করছি আমার এক বন্ধুর সাহায্য নিয়ে। এই আশা নিয়ে আমি পোস্ট করছি যাতে করে কুসংস্কার, ভুল ধারণা ও বিশ্ব জুড়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে যে ভুয়া তথ্য ছড়াচ্ছে তা ঠেকানো যায়। আমি আমার জন্মভূমি বাংলাদেশের জন্য গভীরভাবে উদ্বিগ্ন।

তিনি আরো লিখেছেন, আমি এখন কোয়ারেন্টাইনে (লস এঞ্জেলেসে আসার পর থেকেই ছিলাম) কঠোর ব্যবস্থাপনার মধ্যে আছি। আমাকে এটা মোকাবিলা করতেই হবে। প্রতিটি দিনই সংগ্রামের। সবাইকে শান্ত থাকার পরামর্শ দিয়ে তিনি সত্যতা ও বৈজ্ঞানিক ভিত্তি ছাড়া সংবাদ শেয়ার না করার আহ্বান জানিয়েছেন। গত ১২ মার্চ তিনি লস এঞ্জেলেসে একটি অনুষ্ঠানের মাধ্যমে করোনা ভাইরাসে সংক্রমিত হন। ১৩ মার্চ থেকেই তার শরীরে করোনা ভাইরাসের উপসর্গ দেখা দিতে শুরু করে। ১৭ মার্চ থেকে যুক্তরাষ্ট্রে তিনি চিকিত্সা নিচ্ছেন। বাংলাদেশের প্রথম পর্বতারোহী হিসেবে ২০১৫ সালে সাত মহাদেশের সাতটি সর্বোচ্চ পর্বতশৃঙ্গ (সেভেন সামিট) জয় করে সকলের কাছে পরিচিতি পান ওয়াসফিয়া নাজরিন।