৩০ ডিসেম্বর হবে ফাইনাল খেলা ------সেলিম ওসমান

নারায়ণগঞ্জ-৫ আসনের মহাজোট জাতীয় পার্টির মনোনীত প্রার্থী একেএম সেলিম ওসমান বলেন, নারায়ণগঞ্জ থেকে বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নের কাজ শুরু হবে। আগামী ৩০ ডিসেম্বর ফাইনাল খেলা হবে। নির্বাচনে স্বাধীনতার পক্ষের সকল শক্তিকে দলমত ভুলে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য মহাজোট প্রার্থীদের নির্বাচিত করার আহ্বান জানান তিনি।

গতকাল বুধবার বিকেলে গণমিছিল পূর্ব পথসভায় তিনি এসব কথা বলেন। পথ সভায় তিনি আরো বলেন, আমি সারা জীবনে যা পাই নাই তা আমি এখানে পেয়েছি। বন্দর আমার অন্তরের অনেক কাছে। আমি বন্দরবাসীকে ধন্যবাদ জানাই আমাকে ভালোবাসা দিয়ে দলমত ভুলে আমার পাশে দাঁড়ানোর জন্য। তিনি বলেন, আমি হামলা মামলায় বিশ্বাস করি না। জনগণের ভালোবাসাই আমার বড় সম্পদ। মহাজোটের প্রার্থী সেলিম ওসমান বলেন, খেলা শুরু হয়েছে। কোয়ার্টার ফাইনাল খেলা আমরা জিতেছি, সেমিফাইনাল খেলায়ও আমরা জিতেছি, আসল খেলা হবে ৩০ তারিখ। জয়ী হবো আমরা, ইনশাল্লাহ। তিনি বলেন, নারায়ণগঞ্জে বেকার, গরিব থাকবে না। আমরা একটা সোনার বাংলা গড়ে তুলব। আমি আইন-শৃঙ্খলা বাহিনীকে বলতে চাই। যাদের আপনারা ধরে রেখেছেন তারা অপরাধী না হলে তাদের ছেড়ে দেন। আমি তাদের নিয়ে ২০১৯-এ এক সঙ্গে নতুন বছর উদযাপন করবো।