নাটোরে দেড় কোটি টাকা মূল্যের ১ কেজি ৪৭৪ গ্রাম হেরোইন উদ্ধার করেছে পুলিশ। এসময় আটক করা হয়েছে মাদক চোরাচালান চক্রের দুই সদস্যকে। আটককৃতরা হচ্ছে, গোদাগাড়ি উপজেলার মহিষালবাড়ি শিবসাগর এলাকার মৃত আনেস উদ্দিনের ছেলে বেলাল উদ্দিন (৪৫) এবং গাড়ি চালক রাজশাহীর পবা থানার দাদপুর পশ্চিমপাড়া গ্রামের মৃত আছির উদ্দিনের ছেলে আব্দুল মান্নান।
শনিবার দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার লিটন কুমার সাহা বলেন, রাজশাহীর গোদাগাড়ি থেকে জামালপুরের উদ্দেশে একটি বড়ো হেরোইনের চালান পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত ১১টার দিকে নাটোর জেলা পুলিশ শহরের বড়ো হরিশপুর মোড়ে চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি শুরু করে। এসময় একটি মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে বিশেষ কায়দায় মোড়ানো ১৫টি পলিথিন প্যাকেটের ভিতর থেকে ১ কেজি ৪৭৪ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এসময় আটক করা হয় হেরোইনের মালিক বেলাল উদ্দিন এবং গাড়ির ড্রাইভার আব্দুল মান্নানকে। দীর্ঘদিন ধরে এই চক্রটি পার্শ্ববর্তী দেশ ভারত থেকে হেরোইন এনে রাজধানীর বিভিন্ন জায়গায় পাচার করছিল বলে জানান পুলিশ সুপার।