গুজব ছড়ানো সেই চিকিত্সক আটক

করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ে গুজব ছড়ানোর অভিযোগে ডা. ইফতেখার মোহাম্মদ আদনান নামে এক চিকিত্সককে আটক করেছে পুলিশ। এই চিকিত্সক চট্টগ্রাম মহানগর যুবদলের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক। গতকাল শনিবার নগরী থেকে তাকে আটক করা হয়েছে।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভূঁইয়া জানান, আটক ডা. ইফতেখার মোহাম্মদ আদনান নগরীর ও আর নিজাম রোডে বেসরকারি ক্লিনিক মেডিক্যাল সেন্টারে কর্মরত আছেন। করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যু হয়েছে বলে একটি ভুয়া তথ্য অডিও বার্তার মাধ্যমে ফেইসবুক ব্যবহারকারীদের মেসেঞ্জারে ছড়িয়ে দেন ইফতেখার। সেটি জনমনে ব্যাপক প্রভাব ফেলে এবং মানুষ আতঙ্কিত হয়ে পড়ে। গুজব ছড়ানোর দায়ে ইফতেখারকে শনাক্ত করে আটক করা হয়েছে।