বিশ্বব্যাপী করোনা ভাইরাসের প্রভাবে ধাক্কা খেয়েছে বাংলাদেশের পোশাকসহ সব ধরনের রপ্তানি। একের পর বাতিল হচ্ছে রপ্তানি আদেশ। ফলে তারল্য সংকটসহ কঠিন পরিস্থিতির মুখে পড়তে যাচ্ছেন উদ্যোক্তারা। এ পরিস্থিতিতে ক্রয়াদেশ বাতিল না করার অনুরোধ জানিয়ে বিদেশি ক্রেতাদের সংগঠন ব্র্যান্ড ফোরামকে চিঠি পাঠিয়েছে তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ সভাপতি ড. রুবানা হক।
গত বৃহস্পতিবার পাঠানো ঐ চিঠিতে তিনি বলেন, জরুরি পরিস্থিতিতে পাওনা দেরিতে পরিশোধ মেনে নেব। কিন্তু যে পণ্য উত্পাদন হয়েছে, কিংবা উত্পাদন পর্যায়ে রয়েছে, তা বাতিল করবেন না। এসব পণ্যের মজুত পড়ে থাকলে কারখানা থেকে কর্মীদের চাকরিচ্যুতির মতো পরিস্থিতি হতে পারে।
চিঠিতে তিনি বলেন, ৪১ লাখ শ্রমিকের জীবন ও জীবিকার বিষয়টি বিবেচনায় নিন। ক্রয়াদেশ বাতিল করবেন না কিংবা স্থগিত রাখবেন না। উত্পাদন চলতে দিন।