টাকা ছিটিয়ে বিএনপির ক্ষমতায় যাওয়ার স্বপ্ন পূরণ হবে না: মেনন

ঢাকা-৮ আসনে ‘নৌকা’ প্রতীকে মহাজোটের প্রার্থী রাশেদ খান মেনন বলেছেন, বাংলাদেশকে দুর্নীতিতে পরপর পাঁচ বার চ্যাম্পিয়ন করার মূল হোতা তারেক রহমান। তার হাওয়া ভবনের কর্মচারীসহ বিএনপির কর্মীদের পুলিশ হাতেনাতে ৮ কোটি টাকাসহ ধরে জানতে পেরেছে, বিএনপি ইতোমধ্যেই সারা দেশে প্রায় দেড়শ কোটি টাকা ছড়িয়ে দিয়েছে। তারা আরও টাকা রাজধানীসহ সারা দেশে ছড়ানোর পরিকল্পনা নিয়েছে। বিদেশ থেকে হুন্ডির মাধ্যমে এই বিরাট অঙ্কের টাকা বিএনপি ও ঐক্যজোটের জন্য পাঠাচ্ছে কেবল ব্যাপক নাশকতা ছড়ানো ও ভোট  কেনার জন্যই। বস্তা বস্তা টাকা ছিটিয়ে ভোট কিনে বিএনপি ক্ষমতায় যাওয়ার যে স্বপ্ন দেখছে, তাদের সে স্বপ্ন আর কোনোদিনই বাংলার মাটিতে পূরণ হবে না। গতকাল বুধবার রাজধানীর মতিঝিলে শাপলা চত্বর এলাকায় নির্বাচনী সভায়  তিনি এসব কথা বলেন।

সভা শেষে মেনন মতিঝিল, পল্টন ও দৈনিক বাংলা এলাকায় মিছিলযোগে জনসংযোগ করেন। এসময় তার সঙ্গে ছিলেন মতিঝিল থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাব্বির হোসেন, ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সদস্য মোস্তফা আলমগীর রতন, তৌহিদুল ইসলাম প্রমুখ।