করোনা চিকিৎসায় ট্রাম্পের প্রেসক্রিপশন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করোনা ভাইরাসের চিকিৎসার জন্য এমন একটি প্রেসক্রিপশন লিখেছেন যাতে ম্যালেরিয়ার ওষুধ ব্যবহারের পরামর্শ দিয়েছেন । শনিবার ট্রাম্প নিজের টুইট বার্তায় এমন  প্রেসক্রিপশন লেখেন। 

ট্রাম্প টুইটার পেজে লেখেন, হাইড্রোক্সিক্লোরোকুইন ও অ্যাজিথ্রোমাইসিনের মিশ্রণ চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে একটি যুগান্তকারী পরিবর্তনের সুযোগ এনে দিয়েছে। হাইড্রোক্সিক্লোরোকুইন অ্যাজিথ্রোমাইসিনের সঙ্গে মিলে অনেক ভালো কাজ করবে।

ডোনাল্ড ট্রাম্প এরপর এই দুই ওষুধের মিশ্রণ দিয়ে করোনাভাইরাসের চিকিৎসা শুরু করার আহ্বান জানিয়েছেন। তিনি এমন সময় এ ওষুধ ব্যবহারের পরামর্শ দিলেন যখন মার্কিন ফুড এন্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন ( এফডিএ) এটি অনুমোদন করেনি। জানা গেছে, হাইড্রোক্সিক্লোরোকুইন হচ্ছে ম্যালেরিয়ার ওষুধ এবং অ্যাজিথ্রোমাইসিন হচ্ছে একটি  অ্যান্টিবায়োটিক যা মানবদেহে ব্যাকটেরিয়ার সংক্রমণ হলে ব্যবহৃত হয়। গত কয়েক মাস ধরে চিকিৎসা বিজ্ঞানীরা বলছেন, শরীরে অ্যান্টিবায়োটিক প্রয়োগ করে করোনাভাইরাস নির্মূল করা যাবে না।

এদিকে, মার্কিন দৈনিক ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, দেশটির গোয়েন্দা সংস্থাগুলো জানুয়ারি মাসে আমেরিকায় করোনাভাইরাস ছড়িয়ে পড়ার ব্যাপারে প্রেসিডেন্ট ট্রাম্পকে রিপোর্ট করেছিল কিন্তু ট্রাম্প বেশ কিছুদিন ধরে বিষয়টিকে পাত্তা দেননি।  

মার্কিন যুক্তরাষ্ট্রে শনিবার পর্যন্ত ১৯ হাজার ৯৫৬ ব্যক্তি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। যাদের মধ্যে ২৭৯ জনের মৃত্যু হয়েছে। 

ইত্তেফাক/এআর