শ্বাসকষ্ট সর্দিজ্বরে খুমেক হাসপাতালে দুজনের মৃত্যু

শ্বাসকষ্ট, কাশি ও সর্দিজ্বর নিয়ে খুলনা মেডিকেল কলেজ ও হাসপাতালে (খুমেক) ভর্তি হওয়া দুইজন রোগী মারা গেছেন। জানা গেছে, দুজনের মধ্যে একজন ভারতফেরত ছিলেন। তবে চিকিৎসকরা বলছেন, করোনা পরীক্ষার ব্যবস্থা না থাকায় এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না যে তারা এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। দুইজনের মধ্যে একজনের বাড়ি বাগেরহাটের মোংলায়, অন্যজনের বাড়ি নড়াইলে।

খুমেক হাসপাতালের পরিচালক এটিএম মঞ্জুর মোর্শেদ বলেন, গত বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে শ্বাসকষ্ট, সর্দিজ্বর ও কাশি নিয়ে মোংলা থেকে একজন রোগী খুমেক হাসপাতালে ভর্তি হয়। চিকিৎসাধীন অবস্থায় ঘণ্টাখানেকের মধ্যেই তার মৃত্যু হয়।  অপরদিকে বৃহস্পতিবার রাতে নড়াইল থেকে একজন রোগী শ্বাসকষ্ট, সর্দিজ্বর ও কাশি নিয়ে নগরীর একটি ক্লিনিকে ভর্তি হয়। অবস্থার অবনতি হলে তাকে খুমেক হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে ভর্তি হওয়ার আগেই ওই রোগীর মৃত্যু হয়।

আরও পড়ুন: মা ও শিশুকে কুপিয়ে ক্ষতবিক্ষত, আটক হয়নি বখাটে

তিনি বলেন, মৃত দুজনের শরীরে করোনা ভাইরাস থাকতে পারে সন্দেহে তাদের পরিবারকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের অবহিত করা হয়েছে।

ইত্তেফাক/এসি