চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কস্থ চুনতি জাঙ্গালিয়া ফরেস্ট রেঞ্জ অফিস এলাকায় সড়ক দুর্ঘটনায় মৃতের সংখ্যা গিয়ে দাঁড়ালো ১৫ জনে। শনিবার (২১ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে লবণ বোঝাই ট্রাক ও যাত্রীবাহী লেগুনার মুখোমুখি সংঘর্ষে এ প্রাণহানীর ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বান্দরবান জেলার লামা উপজেলার আজিজনগর এলাকার আব্বাস উদ্দিনের দুই পুত্র জসিম উদ্দিন (২৮) ও হাফেজ বেলাল উদ্দিন তাওরাত (১৭), নাইক্ষছড়ি বাইশারী এলাকার কালা মিয়ার ছেলে মো. বাদশা (৩৮), চকরিয়া উত্তর হারবাং এলাকার মৃত আমির হোসেনের ছেলে মো. আবদুস ছালাম (৭০), চুনতি মিরিখিল এলাকার এলাকার আবদুর রশিদের ছেলে সিরাজুল ইসলাম (৪০), বড়হাতিয়া কুমিরাঘোনা এলাকার আবদুল মাবুদের ছেলে মো. রুবেল (২০), লোহাগাড়া উপজেলার আধুনগর লোহারদিঘী পাড় এলাকার জাফর আহমদের ছেলে জহির উদ্দিন (২৮), লোহাগাড়া উপজেলার উত্তর কলাউজানের আবুল হোসেনের ছেলে মো. এনামুল হক (৪৪), পিকআপের চালক চকরিয়া উপজেলার মৃত ছৈয়দ আহমদেও পুত্র মো. ফরহাদ (১৫) , লামা উপজেলার আজিজনগরের আবদুর রশিদ (৫০), চকরিয়া গর্জনিয়া পাহাড় এলাকার নুর মোহাম্মদের পুত্র ট্রাক হেলপার মো. সুমন (১৫) ও হারবাং এলাকার বেলালের পুত্র নবী হোসাইন (৪০)। আহতদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। নিহত অপর তিনজন ও আহতদের পরিচয় পাওয়া যায়নি। হতাহতরা সবাই পিকআপের যাত্রী।
আরও পড়ুন: মা ও শিশুকে কুপিয়ে ক্ষতবিক্ষত, আটক হয়নি বখাটে
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনাস্থলে লেগুনার চালক-হেলপারসহ ১২ জন প্রাণ হারায়। পরে হাসপাতালে নেওয়ার পথে আরো দুইজন এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজন মারা যায়। ঘটনার খবর পেয়ে স্থানীয়া ছুঁটে এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে এসে উদ্ধার তৎপরতা শুরু করে। ঘাতক ট্রাকটি পুলিশ আটক করলেও ট্রাকের চালক পলাতক রয়েছে।
এ ব্যাপারে দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. ইয়াছির আরাফাত দৈনিক ইত্তেফাককে জানান, নিহতদের উদ্ধার করে আইনী প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনাস্থল থেকে দুমড়ে-মুচড়ে যাওয়া ট্রাক ও লেগুনা দোহাজারী হাইওয়ে থানা হেফাজতে নিয়ে যাওয়া হয়।
ইত্তেফাক/এসি