অদম্য মুশফিক

 স্পোর্টস রিপোর্টার

কঠোর পরিশ্রম, অনুশীলন—শব্দগুলো মুশফিকুর রহিমের সঙ্গে সমার্থক। বাংলাদেশ দলের সবচেয়ে পরিশ্রমী ক্রিকেটার বলা হয় সাবেক এই অধিনায়ককে। ছুটির দিন, বিশ্রামের দিনগুলোতেও মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের নিয়মিত মুখ তিনি। ফিটনেসের কাজ, নেটে ব্যাটিং করেন মুশফিক। করোনা ভাইরাসের কারণে এখন দেশে সব ধরনের ক্রিকেটীয় কার্যক্রম বন্ধ।

এর মাঝে ফিটনেস ধরে রাখতে নিজেদের মতো করে কাজ করছেন ক্রিকেটাররা। বসে নেই মুশফিকও। গৃহবন্দি হলেও ফিটনেসের কাজ চালিয়ে যাচ্ছেন তিনি। টেস্টে বাংলাদেশের হয়ে তিনটি ডাবল সেঞ্চুরির মালিক এই অভিজ্ঞ ক্রিকেটার ট্রেডমিলে রানিং করে ঘাম ঝরাচ্ছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে একটি ভিডিও পোস্ট করেছেন সাবেক এই অধিনায়ক। ২০ সেকেন্ডের এই ভিডিওতে দেখা যাচ্ছে রানিং করছেন মুশফিক। ভিডিওর সঙ্গে ক্যাপশন দিয়েছেন, ‘কঠোর পরিশ্রম করে যাও।’

ব্যাটিং না করে থাকাটা কঠিন কর্ম মুশফিকের জন্য। লম্বা বিরতি নেওয়াটা রীতিমতো শাস্তিই তার জন্য। সব ধরনের সতর্কতা অবলম্বন করে করোনার বিরতির দিনগুলোতে মাঝে মাঝে মিরপুর স্টেডিয়ামের ইনডোরে ব্যাটিং, রানিং করতে চান তিনি।