একজন শিল্পী হিসেবে দায় এড়ানোর সুযোগ নেই :মিলা

বিনোদন রিপোর্ট

 

করোনা ভাইরাসের কারণে বিশ্বের এই ক্রান্তিকালে এগিয়ে আসছেন শিল্পীরাও। সাধারণ মানুষকে গান ও ভিডিওর মাধ্যমে সচেতন বার্তা দিচ্ছেন অনেকে। এমন খবরে এবার এলেন দেশের জনপ্রিয় পপ তারকা মিলা ইসলাম। করোনা ভাইরাস থেকে মানুষকে সচেতন করতে নতুন গান করলেন মিলা। বাংলাদেশের ঐতিহ্যবাহী পালা গানের ঢঙে করোনা সচেতনায় একটি গান গেয়ে ফেসবুক পেজে প্রকাশ করেছেন মিলা। ভিডিটিতে দেখা যাচ্ছে মিলার বোন মিশা ও তার স্বামী আরিফিনকে। মিশাও একটি ইংরেজি গেয়েছেন। আর মিশার স্বামীকে দেখা যাচ্ছে গিটার বাজাতে। মিলা বলেন, ‘বিশ্বের এমন অবস্থায় একজন শিল্পী হিসেবে দায় এড়ানোর সুযোগ নেই। গান দিয়ে যেমন মানুষকে বিনোদন দেওয়া যায় তেমনি গানের মাধ্যমে মানুষকে সচেতনও করা যায়। সেই চেষ্টাটা আমি করেছি। করোনা ভাইরাসের মরণ আতঙ্ক তাড়া করে বেড়াচ্ছে সকলকে, গণমাধ্যমের মাধ্যমে প্রতিনিয়ত সতর্কবার্তা দেওয়া হচ্ছে। আমার প্রিয় বাংলাদেশের ও আমার ভক্তদের উদ্দেশ্যে সুস্থ ও স্বাস্থ্য সচেতন থাকার আহ্বান জানিয়ে একজন বাংলাদেশের সংগীতশিল্পী ও নাগরিক হিসেবে দায়িত্ব পালন করার ক্ষুদ্র চেষ্টা করলাম।’