করোনা ভাইরাসের প্রভাব

নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি বিভিন্ন স্থানে জরিমানা

 ইত্তেফাক ডেস্ক

করোনা ভাইরাসের আতঙ্কে হঠাত্ করেই অস্থির হয়ে উঠেছে নিত্যপণ্যের বাজার। কৃত্রিম সংকট তৈরি করে চালসহ বিভিন্ন পণ্যের দাম বাড়িয়েছেন খুচরা ও পাইকারি ব্যবসায়ীরা। আতঙ্কগ্রস্ত হয়ে ক্রেতাদের মাঝেও দেখা দিয়েছে বাড়তি পণ্য কেনার হিড়িক। শনি ও রবিবার বিভিন্ন স্থানে নির্ধারিত মূল্যের অধিক মূল্যে পণ্য বিক্রি করার দায়ে ব্যবসাপ্রতিষ্ঠানকে জরিমানা আদায় করছে স্থানীয় প্রশাসন। আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর।

রাঙ্গামাটি : রবিবার সকালে শহরের প্রধান তিনটি বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এ সময় বাজারের বেশ কয়েকটি দোকানদারকে দ্রব্যমূল্য বেশি রাখার দায়ে জরিমানা করা হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইসলাম উদ্দীন বলেন, শহরের বিভিন্ন বাজারগুলোতে নিত্য প্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর কৃত্রিম সংকট সৃষ্টির বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।

নাটোর : ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। রবিবার দুপুরে ব্যবসায়ী মো. রায়হানের কাছ থেকে ৫ হাজার ও উজ্জলের কাছ থেকে ৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

ডিমলা (নীলফামারী) :শনিবার সন্ধ্যায় অভিযান চালিয়ে বাজারদরের চেয়ে বেশি মূল্যে পণ্য বিক্রি করা ও ওজনে কম দেওয়ার অপরাধে উপজেলা সদরের পেঁয়াজ ব্যবসায়ী সফিকুল ইসলামকে ২০০ টাকা, শঠিবাড়ী বাজারের মাছ ব্যবসায়ী চটকু দাস, কাঁচামাল ব্যবসায়ী শরিফুল ইসলাম, সাজ্জাদ হোসেন স্বপন ও লাল মিয়াকে ৫০০ টাকা করে জরিমানা করেন ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট জয়শ্রী রানি রায়।

শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) : তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার সন্ধ্যা সাতটায় শায়েস্তাগঞ্জ পৌর এলাকার পুরানবাজারে শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুমী আক্তারের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) :বিকালে উপজেলার সিরাজদিখান বাজারে অভিযান চালিয়ে অতিরিক্ত মূল্যে চাল বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার আশফিকুন নাহার।

মোংলা (বাগেরহাট) :শনিবার বিকালে মোংলা বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানকালে তিনটি ব্যবসাপ্রতিষ্ঠানকে নগদ ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

মতলব দক্ষিণ (চাঁদপুর) : শনিবার সন্ধ্যায় অভিযানে মতলব বাজারের সাত ব্যবসা প্রতিষ্ঠানকে ভোক্তাদের কাছে অধিক মূল্যে পণ্য বিক্রি করার অভিযোগে ৫৩ হাজার টাকা অর্থ জরিমানা করা হয়। প্রতিষ্ঠানগুলোর মধ্যে ছয় চাউল বিক্রেতাকে ৮ হাজার করে ৪৮ হাজার টাকা এবং একটি মুদি দোকানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুসরাত শারমিন।

ডোমার (নীলফামারী) : শনিবার বিকালে উপজেলা নির্বাহী অফিসার শাহিনা শবনম ডোমার বাজারে চাল ব্যবসায়ী সাহা ট্রেডার্সকে চালের  মূল্য তালিকা না থাকায় ৫ হাজার টাকা জরিমানা  করেন ।

কয়রা (খুলনা) : রবিবার বেশি দরে পণ্য বিক্রি করার অপরাধে ও ওজনে কম দেওয়ায় উপজেলার আমাদী বাজারে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. নুর-ই আলম ছিদ্দিকী অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করেন।

মনপুরা (ভোলা) : তিনটি বাজারের পাঁচ ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার বিপুল চন্দ্র দাস। শনিবার রাতে হাজিরহাট ইউনিয়নের চৌধুরী বাজার মুুদি ব্যবসায়ী মো. ইব্রাহীম খলিলকে ২ হাজার টাকা, আব্বাছকে ১ হাজার টাকা, মনপুরা ইউনিয়নের রামনেওয়াজ বাজারের মুদি ব্যবসায়ী মো. শাকিল ৩ হাজার টাকা, মো. নুরনবী ৪ হাজার টাকা এবং তুলাতলী বাজারের শামসুউদ্দিনকে ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বানারীপাড়া (বরিশাল) : রবিবার বানারীপাড়ার বন্দর বাজারে ইউএনও এবং নির্বাহী  ম্যাজিস্ট্রেট শেখ আব্দুল্লা সাদীদ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় দুটি মুদি, দুটি গার্মেন্টস এবং দুটি টেইলার্সের মালিকসহ মোট ছয় জনকে ৩ হাজার টাকা জরিমানা করেন।