জাতির পিতা বঙ্গবন্ধুর দৌহিত্র ও প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ-প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট ৪৯টি আসন পেতে পারে বলে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টার (আরডিসি) এর নতুন জনমত জরিপে যে পূর্বাভাস দেওয়া হয়েছে বাস্তবে সেটাও ঘটবে না। নির্বাচনে ৩০টি আসনেও জয়লাভ করার মত সমর্থন নেই বিএনপির। এই নির্বাচনের ফল আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের জন্য ২০০৮ সালের চেয়েও ভালো হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
গতকাল বুধবার রাতে সজীব ওয়াজেদ জয় তার ফেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে এ কথা বলেন। সঙ্গে জরিপের একটি ছকও তুলে ধরেন। স্ট্যাটাসে জয় আরো বলেন, আরডিসির নতুন জনমত জরিপের কনফিডেন্স লেভেল ৯৫% এবং মার্জিন অব এরর +/-৩%। জরিপের ফলাফলে দেখা যায়, আওয়ামী লীগের সমর্থন ৬০.৪% আর বিএনপির সমর্থন ২২.২%। এছাড়া জাতীয় পার্টির ৩.৭%, সিদ্ধান্তহীন ১০.৩% এবং ২.৭% ভোটার উত্তর দিতে চাননি। এই জরিপটি পরিচালনার জন্য আরডিসি একটি নতুন পদ্ধতি অবলম্বন করেছে। ভোটাররা মক ব্যালটে ভোট দিয়ে একটি প্লাস্টিক বক্সে ফেলেন। ব্যালটে কারো নাম লেখা ছিল না, ফলে বোঝা যায়নি কে কোন দলের জন্য ভোট দিয়েছেন। এর ফলে দুটি জটিলতা দূর হয়, একটি হলো ভোটারদের মন থেকে তাদের মূল পছন্দ প্রকাশ হয়ে যাওয়ার ভয় দূর হয়েছে এবং অন্যটি হচ্ছে এর ফলে সিদ্ধান্তহীন অনেকেই ভোটের ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছেন, যেমনটি তারা আসল ভোটের দিন করবেন।