করোনা সন্দেহে নাটোরে এক কয়েদি হোম কোয়ারেন্টাইনে

নাটোর প্রতিনিধি

করোনা আক্রান্ত সন্দেহে নাটোরের এক কয়েদিকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। জেলা কারাগারের সুপার আব্দুল বারেক জানান, নাটোর সদর থানার হত্যাচেষ্টা সংক্রান্ত আসামি ওসমান খাঁ পাঁচ দিন ধরে জ্বর, সর্দি-কাশি, গলা ব্যথা, মাথা ব্যথায় আক্রান্ত হয়ে কারা হাসপাতালে চিকিত্সা নিচ্ছিলেন। রবিবার সকালে তার অবস্থা আশঙ্কাজনক হলে তাকে দ্রুত করোনা রোগীদের জন্য সংরক্ষিত রাখা আইসোলেশন বেডে স্থানান্তর করা হয়। কারা হাসপাতাল মনে করে তার শরীরে করোনা ভাইরাস আক্রান্ত হওয়ার সব উপসর্গ বিদ্যমান। কোনো চিকিত্সাতেই তিনি সুস্থ হচ্ছেন না।

জেল সুপার আবদুল বারেক বলেন, আমাদের ধারণা তিনি করোনা আক্রান্ত হয়েছেন। তার সুরক্ষার পাশাপাশি কারাগারের অন্যান্য কয়েদি ও কারা নিরাপত্তা কর্মীদের স্বাস্থ্য সুরক্ষা নিয়ে আমরা উদ্বিগ্ন। জেলা সিভিল সার্জন মিজানুর রহমান জানান, কারা কর্তৃপক্ষের কাছে ঘটনা জানার পর তারা রোগীকে আপাতত হোম কোয়ারেন্টাইনে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন।