নাটোরে প্যাথলজি মালিককে জরিমানা
নাটোর প্রতিনিধি করোনা ভাইরাস পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে নাটোরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই প্যাথলজি মালিককে ২৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রবিবার বেলা ১২টা থেকে প্যাথলজিগুলোতে সহকারী কমিশনার (ভূমি) মো. আবু হাসান লাইসেন্স নবায়ন না থাকায় জামান ডায়াগনস্টিক সেন্টারের মালিক মো. শহীদুজ্জামানের কাছ থেকে ৫ হাজার টাকা এবং ল্যাবরেটরিতে নির্ধারিত তাপমাত্রা অনুসরণ না করায় চামেলী ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপক আহম্মদ আলীর কাছ থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। লাইসেন্স নবায়ন না করা পর্যন্ত জামান ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম বন্ধ রাখার নির্দেশনাও দেয় ভ্রাম্যমাণ আদালত।
হাটে ক্রেতাদের হাত ধুয়ার আয়োজন
ধামইরহাট (নওগাঁ) সংবাদদাতা ধামইরহাটে করোনা ভাইরাস প্রতিরোধে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন মানবসেবা। উপজেলার বড়ো রবিবারের হাটে প্রায় ১০ হাজার লোকের সমাগম হয়। ঐদিন দিনব্যাপী হাটে প্রবেশের দুই ফটকে ১০টি করে ড্রাম বসিয়ে সকল ক্রেতার হাত ধুয়ে দেওয়া ও লিফলেট বিতরণ করা হয়।
এই কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. স্বপন কুমার বিশ্বাস।
করোনা ভাইরাস সতর্কতায় গ্রামে গ্রামে উঠান বৈঠক
রাণীনগর (নওগাঁ) সংবাদদাতা রাণীনগরে নোভেল করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত না হয়ে সতর্ক হওয়ার লক্ষ্যে গ্রামে গ্রামে চলছে উঠান বৈঠক। এরই অংশ হিসেবে রবিবার পারইল বাজার, তার আশপাশের গ্রামসহ বিভিন্ন এলাকায় এই কার্যক্রম অনুষ্ঠিত হয়। উপজেলার পারইল ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষ থেকে এই ব্যতিক্রমী কার্যক্রম চালানো হচ্ছে। ঐদিনের বৈঠকে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ডা. দুলাল হোসেন, দপ্তর সম্পাদক পারইল উচ্চ বিদ্যালয়ের সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক জিল্লুর রহমান প্রমুখ।
থানা পুলিশের উদ্যোগ
তাড়াশ (সিরাজগঞ্জ) সংবাদদাতা হাত ধুয়ে থানায় ঢুকুন—আহ্বান জানাচ্ছেন কর্তব্যরত পুলিশ। তাড়াশ থানায় হাত ধোয়ার এমন ব্যবস্থা রেখেছে থানা কর্তৃপক্ষ। থানাতে প্রবেশ করতে চাইলেই গেটে দাঁড়িয়ে থাকা পুলিশ নিয়ে যাচ্ছেন হাত ধোয়ার স্থানে। সেখানে বসার জন্য রাখা আছে চেয়ার, বালতিতে পানি, সাবান, হ্যান্ডওয়াশ ও টিস্যু। হাত ধোয়া নিশ্চিত হওয়ার পরই কেবল থানায় প্রবেশ। তাড়াশ থানা ওসি মাহবুবুল আলম বলেন, সচেতনতা সৃষ্টির জন্য পুলিশসহ থানায় আসা লোকজনের হাত ধোয়া বাধ্যতামূলক করা হয়েছে।
চালকদের মধ্যে ১ হাজার মাস্ক বিতরণ
সুনামগঞ্জ প্রতিনিধি সুনামগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে রবিবার রিকশাচালক, সিএনজিচালক এবং মোটরসাইকেল-চালকদের মধ্যে ১ হাজার মাস্ক বিতরণ করা হয়েছে। সুনামগঞ্জ পৌর শহরের বিভিন্ন পয়েন্টে এই মাস্ক বিতরণ করেন সুনামগঞ্জ জেলা পরিষদের প্রধান নির্বাহী মোহাম্মদ এমরান হোসেন।
জনসচেতনতা ও মাস্ক বিতরণ কার্যক্রম
কামারখন্দ (সিরাজগঞ্জ) সংবাদদাতা কামারখন্দে করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতা ও মাস্ক বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে রবিবার। ঢাকাস্থ কামারখন্দ উপজেলা সমিতির আয়োজনে উপজেলার জামতৈল বাজার এলাকায় ভ্যান ও রিকশা চালকসহ জনসাধারণের মধ্যে এই মাস্ক বিতরণ করা হয়।
দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা
ধোবাউড়া (ময়মনসিংহ) সংবাদদাতা ধোবাউড়ায় রবিবার করোনা ভাইরাস সম্পর্কে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাফিকুজ্জামানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার(ভূমি) কাবেরী জালাল, ভাইস চেয়ারম্যান আবুল ফজল প্রমুখ।
হ্যান্ড স্যানিটাইজার প্রস্তুত ও প্রশাসনে বিতরণ
স্টাফ রিপোর্টার, রাজশাহী করোনা ভাইরাস প্রতিরোধে ও সচেতনতা বৃদ্ধিতে রবিবার জরুরি ভিত্তিতে হ্যান্ডস্যানিটাইজার প্রস্তুত ও বিতরণ করা হয়েছে। রুয়েট উপাচার্য নিজ কার্যালয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনে কর্মরত শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ঐ হ্যান্ডস্যানিটাইজার বিতরণ করেন। রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. রফিকুল ইসলাম সেখের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের কেমিক্যাল অ্যান্ড ফুড প্রসেস ইঞ্জিনিয়ারিং (সিএফপিই) বিভাগের ল্যাবে জরুরি ভিত্তিতে এই হ্যান্ডস্যানিটাইজার প্রস্তুত করা হয়।
মশক নিধন অভিযান শুরু
নেত্রকোনা প্রতিনিধি নেত্রকোনা পৌর এলাকায় রবিবার মশা প্রতিরোধে পৌর এলাকার ৯টি ওয়ার্ডে রবিবার মাসব্যাপী মশক নিধন অভিযান শুরু হয়েছে। নেত্রকোনা পৌরসভার মেয়র নজরুল ইসলাম খান এই কর্মসূচি উদ্বোধন করেন।
করোনা ভাইরাস সম্পর্কিত লিফলেট বিতরণ
মাদারীপুর প্রতিনিধি শরীয়তপুর ডেভলপমেন্ট সোসাইটি (এসডিএস) ও পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন পিকেএসএফ রবিবার করোনা ভাইরাসে করণীয় ও বর্জনীয় সম্পর্কিত লিফলেট বিতরণ শুরু করেছে। মাদারীপুর প্রেসক্লাবের সামনের সড়কের যাতায়াতকারীদের মধ্যে এই লিফলেট বিতরণ কার্যক্রম শুরু হয়।
করোনা সচেতনতায় হ্যান্ডবিল বিতরণ
গুরুদাসপুর (নাটোর) সংবাদদাতা গুরুদাসপুরে করোনা সচেতনতায় রবিবার হ্যান্ডবিল বিতরণ করা হয়েছে। গুরুদাসপুর পৌর সদরের চাঁচকৈড় বাজারে ঐ হ্যান্ডবিল বিরতণ করা হয়। গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নির্দেশনা ও তত্ত্বাবধানে গুরুদাসপুর ক্লিনিক মালিক সমিতি ঐ সচেতনতা কার্যক্রমের আয়োজন করে।
উপজেলা প্রশাসনের লিফলেট বিতরণ
তানোর (রাজশাহী) সংবাদদাতা করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে রবিবার তানোর পৌর শহরে লিফলেট বিতরণ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন তানোর উপজেলা ভাইস চেয়ারম্যান সোনিয়া সরদার, তানোর থানার ওসি রাকিবুল হাসান প্রমুখ।
লিফলেট ও শিক্ষার্থীদের মধ্যে মাস্ক বিতরণ
কমলগঞ্জ (মৌলভীবাজার) সংবাদদাতা করোনা ভাইরাস সংক্রমণে সচেতনতা ও প্রতিরোধে রাজনগরের শান্তকুল উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে রবিবার শিক্ষার্থীদের মধ্যে মাস্ক ও এলাকায় লিফলেট বিতরণ করা হয়েছে। বিদ্যালয় সংলগ্ন ছয়টি গ্রামে আট শতাধিক লিফলেট ও বাড়িতে অবস্থানরত শিক্ষার্থীদের মধ্যে মাস্ক বিতরণ করা হয়।
করোনা প্রতিরোধে লিফলেট বিতরণ
সোনাতলা (বগুড়া) সংবাদদাতা করোনা ভাইরাস সম্পর্কিত সতর্ক থাকার লক্ষ্যে রবিবার সোনাতলা পৌর মেয়র জাহাঙ্গীর আলম আকন্দ নান্নু জণগণের মধ্যে লিফলেট বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন পৌর সচিব শাহজাহান আলম রিপন, রেজিনা আকতার, পৌর কাউন্সিলর জহুরুল ইসলাম মন্ডল শেফা প্রমুখ।
করোনা সচেতনতায় স্বাস্থ্য বিভাগের প্রচারণা
জুড়ী (মৌলভীবাজার) সংবাদদাতা জুড়ীতে করোনা ভাইরাস প্রতিরোধে উপজেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে ব্যাপক সচেতনতামূলক প্রচারণা চালানো হয়েছে। রবিবার উপজেলার বিভিন্ন স্থানে করোনা ভাইরাসের লক্ষণ ও প্রতিরোধে করণীয় বিষয়ক সচেতনতামূলক মাইকিং করে প্রচারণা চালানো হয়।
শিক্ষার্থীদের হ্যান্ড স্যানিটাইজার তৈরি করে বিতরণ
সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা করোনা ভাইরাস ঠেকাতে ও মানুষকে সচেতন করতে মাঠে নেমেছে সৈয়দপুরের শিক্ষার্থীরা। সৈয়দপুর সরকারি কারিগরি কলেজের শিক্ষার্থীরা এবার নিজেরা তৈরি করল হ্যান্ড স্যানিটাইজার এবং রবিবার তা বিনামূল্যে বিতরণ করে সর্বস্তরের মানুষের মধ্যে। এসব স্যানিটাইজার বিতরণ অনুষ্ঠানে অতিথি ছিলেন সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাসিম আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) পরিমল কুমার সরকার প্রমুখ।