পোশাকশিল্পের সংকট মোকাবিলায় অবিলম্বে চতুর্পক্ষীয় বৈঠকের আহ্বান

ইত্তেফাক রিপোর্ট

করোন ভাইরাস (কোভিড-১৯) ছড়িয়ে পড়ায় পোশাকশিল্পের সংকট এবং উত্কণ্ঠা নিরসনে অবিলম্বে চতুর্পক্ষীয় বৈঠকের দাবি জানিয়েছে জাতীয় পোশাকশ্রমিক ফেডারেশন। অবিলম্বে সরকার, মালিক, শ্রমিক এবং বায়ার—এই চতুর্পক্ষীয় বৈঠক ডাকার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তারা। ফেডারেশনের সভাপতি পোশাকশ্রমিক নেতা আমিরুল হক আমিন এবং সাধারণ সম্পাদক আরিফা আক্তার গতকাল এক যুক্ত বিবৃতিতে এ আহ্বান জানিয়েছেন। নেতৃবৃন্দ চতুর্পক্ষীয় বৈঠকের পাশাপাশি পোশাকশ্রমিকদের নিরাপত্তার প্রয়োজনে মালিকদের আরো সজাগ এবং তত্পর হওয়া, শ্রমিকের মধ্যে নিরাপত্তামূলক সরঞ্জমাদি সরবরাহ করা, প্রত্যেক কারখানায় ডাক্তারের মাধ্যমে শ্রমিকদের প্রতি সার্বক্ষণিক লক্ষ্য রাখা, কোনো শ্রমিকের ভাইরাসে আক্রান্তের লক্ষণ দেখা দিলে তাত্ক্ষণিক তাকে পৃথক (আইসোলেশন) করে উপযুক্ত স্থানে প্রেরণ করা, শ্রমিকদের কারখানার বাইরে তাদের নিরাপত্তার ব্যবস্থা করা, বাধ্যাতামূলক ও মাত্রাতিরিক্ত কাজ বন্ধ রাখা, কারখানায় কাজ না থাকলেও তাদের বেতন-ভাতা যথারীতি চালুরাখা এবং এই ব্যাপারে মালিকদের পাশাপাশি সরকার এবং বায়ারদেরকে এগিয়ে আসার আহ্বান জানান।