ইত্তেফাক রিপোর্ট
করোনা ভাইরাস সংক্রমণ রোধে হ্যান্ড স্যানিটাইজার বাজারজাত করবে শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন রাষ্ট্রায়ত্ত কেরু অ্যান্ড কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড। গতকাল শিল্প মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কেরু অ্যান্ড কোম্পানি এরই মধ্যে হ্যান্ড স্যানিটাইজার উত্পাদন শুরু করেছে। ‘কেরুজ হ্যান্ড স্যানিটাইজার’ নামে এ জীবাণুনাশক আজ সোমবার থেকে পরীক্ষামূলক বাজারজাত করা হবে। শিগিগরই পুরোদমে বাজারে পাওয়া যাবে। এই স্যানিটাইজার ৯৯ দশমিক ৯৯ শতাংশ জীবাণু ধ্বংস করতে সক্ষম। দেশের বিভিন্ন জায়গায় ১৬টি বিপণন কেন্দ্র, শিল্প মন্ত্রণালয় এবং চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের সামনে এ স্যানিটাইজার পাওয়া যাবে।
এছাড়া, চাহিদার ভিত্তিতে বিভিন্ন প্রতিষ্ঠানকে এটি সরবরাহ করা হবে। প্রতি ১০০ মিলিলিটার বোতলের স্যানিটাইজারের সর্বোচ্চ খুচরা মূল্য হবে ৬০ টাকা। এ ছাড়া কর্মক্ষেত্রের পরিচ্ছন্নতা নিশ্চিত করার উদ্যোগ নিয়েছে শিল্প মন্ত্রণালয়। এর অংশ হিসেবে নিয়মিত বিরতিতে হাত ধোয়া, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার, আইইডিসিআর কর্তৃক নির্দেশিত পন্থায় হাঁচি-কাশি দেওয়া, করমর্দন বা কোলাকুলি থেকে বিরত থাকা এবং জনসমাগম পরিহার করতে মন্ত্রণালয় ও এর আওতাধীন দপ্তর বা সংস্থা, মাঠপর্যায়ের আঞ্চলিক অফিস, জেলা অফিস, শিল্পনগরী কার্যালয়, শিল্পকারখানা ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর কর্মকর্তা-কর্মচারীদের নির্দেশনা দেওয়া হয়েছে। করোনার প্রার্দুভাবে উদ্ভূত যে কোনো পরিস্থিতি মোকাবিলায় তাত্ক্ষণিক ব্যবস্থা নিতে শিল্প মন্ত্রণালয় এবং এর আওতাধীন দপ্তর ও সংস্থাগুলোর কনট্রোল রুম স্থাপন করা হয়েছে। যে কোনো জরুরি প্রয়োজনে মন্ত্রণালয় সংশ্লিষ্টদের কনট্রোল রুমের হট লাইন নম্বর +৮৮০২৯৫৫৮৪১৩, মোবাইল নম্বর ০১৭২০-০৯৮৩৬১, ই-মেইল: pratul.saha1@gmail.com-এ যোগাযোগ করতে বলা হয়েছে।
শিল্প মন্ত্রণালয় এবং এর আওতাধীন দপ্তর ও সংস্থা এবং মাঠপর্যায়ের আঞ্চলিক অফিস, জেলা অফিস, শিল্পনগরী কার্যালয়, শিল্পকারখানা ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে অতিরিক্ত সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। এসব জায়গায় কর্মরত সব কর্মীকে দেহের তাপমাত্রা পরিমাপক থার্মাল স্ক্যানার ব্যবহারের মাধ্যমে শরীরের তাপমাত্রা পরীক্ষা করে কর্মক্ষেত্রে প্রবেশ করানোর নির্দেশনা দেওয়া হয়েছে। করোনা ভাইরাস সংক্রমণ রোধে দাপ্তরিক সভা সীমিত করার নির্দেশনা জারি করেছে শিল্প মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের কর্মকর্তাদেরও কোনো প্রয়োজনে অফিস কক্ষে না ডেকে যথাসম্ভব ইন্টারকম, টেলিফোন, ই-মেইল ও ই-নথির মাধ্যমে যোগাযোগ করে কার্য সম্পাদনের অনুরোধ করা হয়েছে।