ইত্তেফাক রিপোর্ট
ডাক্তারদের করোনারোধী পোশাক (পিপিই) এবার দেশেই তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। যুক্তরাজ্যভিত্তিক ক্রেতা প্রতিষ্ঠান মার্কস অ্যান্ড স্পেনসারের ঢাকা অফিস ও কয়েক জন গার্মেন্টস উদ্যোক্তা এ উদ্যোগ নিয়েছেন। ইতিমধ্যে এ পোশাকের কিছু নমুনা তৈরি হয়েছে। শিগিগর পুরোদমে তৈরির কাজ শুরু হবে। বিষয়টি নিয়ে তারা বিজিএমইএর সঙ্গেও আলাপ করেছেন। বিজিএমইএর সভাপতি ড. রুবানা হক ইত্তেফাককে বলেন, ‘ইতিমধ্যে ডাক্তারদের এই পোশাকের নমুনা আমরা দেখেছি। এজন্য বিশেষ ধরনের পানিরোধী কাপড়রের প্রয়োজন হয়। কিছু কারখানার এই সক্ষমতা আছে। জানা গেছ, এর বাইরেও কোনো কোনো উদ্যোক্তা এ ধরনের পিপিই তৈরির কাজে হাত দিয়েছেন। করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে সুরক্ষা সরঞ্জামের সংকট হচ্ছে। বিশেষ সুরক্ষিত পোশাক তৈরির উদ্যোগ নিয়েছে পে ইট ফরোয়ার্ড, মানুষের জন্য ফাউন্ডেশন, বুয়েট অ্যালামনাইসহ আরো দুটি সংগঠন। সংগঠনগুলোর উদ্যোগে পিপিই তৈরিতে সহায়তা দিতে এগিয়ে এসেছে মার্কস অ্যান্ড স্পেনসার (এমঅ্যান্ডএস) বাংলাদেশের প্রধান স্বপ্না ভৌমিক। এমঅ্যান্ডএসের সদস্য কারখানাতেই পিপিই তৈরি হচ্ছে।