কোভিড-১৯ পরিস্থিতি মোকাবিলায় একধাপ এগিয়ে মিরপুর সেনানিবাসস্থ ন্যাশনাল ডিফেন্স কলেজ (এনডিসি) বাংলাদেশ। গতকাল রবিবার ‘অনলাইন লাইভ’ ক্লাস (সেশন) পরিচালনার মাধ্যমে ৪.০ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে ডিজিটাল বাংলাদেশের লক্ষ্যে আরো এগিয়ে গেল ন্যাশনাল ডিফেন্স কলেজ বাংলাদেশ।
দেশে কোভিড-১৯ পরিস্থিতি মোকাবিলায় সময়োপযোগী পদক্ষেপ হিসেবে এনডিসি ‘অনলাইন লাইভ’ ক্লাস চালু করেছে। এ পদ্ধতিতে অতিথি বক্তারা নিজেদের সুবিধাজনক স্থান থেকে বক্তব্য (লেকচার) দেন এবং কোর্স সদস্যবৃন্দ নিজেদের বাড়িতে থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ক্লাসে অংশগ্রহণ করেন এবং একই প্ল্যাটফরম ব্যবহার করে পরস্পর মতবিনিময় করেন। ন্যাশনাল ডিফেন্স কোর্সের ৮২ জন সদস্য এবং এএফডব্লিউসি এর ৫২ জন সদস্য এ পদ্ধতির সুফল পাচ্ছেন।
এ যাবত্ ভিডিও কনফারেন্সিং ব্যবসা-বাণিজ্যে এবং অফিশিয়াল কাজে সীমিত পরিসরে ব্যবহূত হয়ে এসেছে। এনডিসি এর ‘লাইভ’ ক্লাসের এ প্রয়াস ভিডিও কনফারেন্সিয়ের সীমিত ব্যবহারকে বিস্তৃত করছে। এনডিসি কমান্ডান্ট লেফটেন্যান্ট জেনারেল শেখ মামুন খালেদ এ পদ্ধতিকে বর্তমান পরিস্থিতিতে জ্ঞানচর্চা অব্যহত রাখার একটি সময়োপযোগী ও কার্যকারী উদ্যোগ বলে উল্লেখ করেন। —আইএসপিআর