অনলাইন জালিয়াতি
ইত্তেফাক রিপোর্ট
অনলাইনে জালিয়াতির মাধ্যমে ব্যাংক গ্রাহকদের টাকা হাতিয়ে নেওয়া প্রতারক চক্রের তিন সদস্যকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন—মামুন তালুকদার, রাজু ফারাজী ও মিঠু মৃধা। শুক্র ও শনিবার সিটিটিসির সাইবার নিরাপত্তা ও অপরাধ বিভাগ যাত্রাবাড়ী, কক্সবাজার ও ফরিদপুরের ভাঙ্গা থেকে তাদের গ্রেফতার করে। তাদের কাছ থেকে ব্যাংকিং প্রতারণার কাজে ব্যবহূত একটি গাড়ি, সাতটি বিশেষ অ্যাপসযুক্ত মোবাইল ফোন, সিমকার্ড জব্দ করা হয়।
পুলিশ জানিয়েছে, গত শুক্রবার ভোরে কক্সবাজারের একটি হোটেল থেকে প্রতারক চক্রের প্রধান মামুন তালুকদারকে গ্রেফতার করা হয়। একই দিন সন্ধ্যায় যাত্রাবাড়ী থেকে রাজু এবং পরদিন শনিবার ফরিদপুরের ভাঙ্গা থেকে মিঠুকে গ্রেফতার করা হয়। কয়েক মাস ধরে এই প্রতারক চক্র বিভিন্ন ডায়লার অ্যাপস দিয়ে কয়েকটি ব্যাংকের হেড অফিসের কার্ড ডিভিশনের মোবাইল নম্বর স্ফুফিং করে শাখা-ম্যানেজারদের কল করে আগের মাসের নতুন কার্ড ব্যবহারকারীদের নাম, কার্ড নম্বর ও মোবাইল নম্বর সংগ্রহ করতেন। পরে প্রতারকরা ব্যাংকের কাস্টমার কেয়ার এজেন্ট সেজে গ্রাহকদের কল করে বলতেন, তারা ব্যাংক থেকে তার নতুন কার্ডটি একটিভ করা বা অন্য কিছু ফিক্স করার জন্য কল করেছে। এরপর চক্রটি কৌশলে গ্রাহকদের কার্ডের মেয়াদ, ৩-৪ ডিজিটের সিভিভি কোড এবং প্রয়োজন-সাপেক্ষে মোবাইলের ওটিপি সংগ্রহ করতেন। গ্রাহকের কার্ড থেকে টাকা-ডলার প্রতারকদের লন্ডনভিত্তিক ই-কমার্স অ্যাপ, বিকাশ বা নগদে ট্রান্সফার করেন। পরে এটিএম বুথ বা বিকাশ বা নগদ এজেন্ট থেকে ক্যাশ আউট করতেন। এভাবে দেশের একাধিক শীর্ষ স্থানীয় ব্যাংকের শতাধিক গ্রাহকের অর্ধকোটি টাকা হাতিয়ে নিয়েছেন তারা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা অপরাধের কথা স্বীকার করেছেন পুলিশের কাছে। ধানমন্ডি থানায় দায়ের করা একটি মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে।