ইত্তেফাক রিপোর্ট
করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে আগামী মে মাস পর্যন্ত গ্যাসের বিল এবং এপ্রিল পর্যন্ত বিদ্যুতের বিল দেরিতে পরিশোধ করা হলেও বিলম্ব মাশুল দিতে হবে না গ্রাহকদের। গতকাল সরকারের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এবং বিদ্যুত্ বিভাগ পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
জ্বালানি বিভাগের বিজ্ঞপ্তিতে বলা হয়, আবাসিক গ্যাস বিল নির্ধারিত সময়সীমার মধ্যে পরিশোধের জন্য বিপুল সংখ্যক গ্রাহককে একইসঙ্গে বিভিন্ন ব্যাংকে যেতে হয়। এটি করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকি বাড়ায়। তাই আবাসিক গ্যাস বিল পরিশোধের নির্ধারিত সময়সীমা শিথিল করা হয়েছে। আবাসিক গ্রাহকরা কোনো ধরনের সারচার্জ বা বিলম্ব মাশুল ছাড়া গত ফেব্রুয়ারি থেকে আগামী মে মাসের গ্যাস বিল জুন মাসের সুবিধাজনক সময়ে পরিশোধ করতে পারবেন। এদিকে বিদ্যুত্ বিভাগ জানিয়েছে, গত ফেব্রুয়ারি থেকে আগামী এপ্রিল মাসের বিল পরিশোধে বিলম্ব মাশুল দিতে হবে না। অর্থাত্ মে মাসের সুবিধাজনক সময়ে এ তিন মাসের বিল দেওয়া যাবে।
উল্লেখ্য, দেশে ৪০ লাখ গ্রাহক আবাসিকে গ্যাস সংযোগ ব্যবহার করছেন। আর দেশের ৯৬ ভাগ জনগোষ্ঠী বিদ্যুেসবার আওতায় এসেছে।