করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার কাজ করছে :জয়

জাতির পিতা বঙ্গবন্ধুর দৌহিত্র ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় বলেছেন, করোনা ভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগ সরকার দিনরাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। গতকাল রবিবার  ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা জয় তার ফেসবুক স্ট্যাটাসে যা বলেছেন তা নিচে উল্লেখ করা হলো :

সজীব ওয়াজেদ জয় লিখেছেন, ‘আপনারা জানেন নোভেল করোনা ভাইরাস বা কোভিড-১৯ একটি বৈশ্বিক স্বাস্থ্য সংকট হিসেবে দেখা দিয়েছে। বাংলাদেশসহ         পৃথিবীর প্রায় ১৮০টি দেশে এ ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়েছে। যেহেতু এ ভাইরাসের কোনো ওষুধ বা প্রতিষেধক এখনো আবিষ্কার হয়নি, তাই ভাইরাসটিকে ছড়িয়ে পড়া থেকে রোধ করাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ।’ তিনি বলেন, চারটি বাদে বাংলাদেশে আসা সব আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ করে দেওয়া হয়েছে। বিদেশফেরতদের আলাদা রাখার ব্যবস্থা করা হয়েছে। যাদের বাসায় থাকতে বলা হয়েছে, তাদের ব্যাপারে সজাগ আছে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। জনস্বার্থে আমরা মুজিববর্ষের কার্যক্রম সীমিত করেছি। সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে। সব সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় জনসমাগম নিষিদ্ধ করা হয়েছে। প্রয়োজনে আরো পদক্ষেপ নিতেও আমরা প্রস্তুত আছি। সজীব ওয়াজেদ জয় বলেন, আমাদের চিকিত্সাসেবা কর্মীদের সুরক্ষিত রাখার বিষয়ে আমরা তত্পর আছি। ভাইরাসটি পরীক্ষা করার সক্ষমতাও আমরা বাড়াচ্ছি। আইইডিসিআর ব্যতীত আরো তিনটি হাসপাতালে বর্তমানে চিকিত্সার সুবিধা আছে। অন্যান্য সরকারি হাসপাতালেও এ ভাইরাসের উপসর্গসহ রোগীদের আলাদা রাখার ব্যবস্থা করা হয়েছে।

জয় বলেন, যার যার জায়গা থেকেও আমাদের অনেক কিছু করার আছে। বাংলাদেশ সরকার ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার সব নির্দেশনা মেনে চলতে হবে। জনসমাগম এড়িয়ে চলতে হবে। অসুস্থ বোধ করলে বাসায় থাকতে হবে। নিয়মিত সাবান দিয়ে ভালোভাবে হাত ধুতে হবে অথবা স্যানিটাইজার ব্যবহার করতে হবে। নাকে, মুখে ও চোখে হাত দেওয়া থেকে বিরত থাকতে হবে। হাঁচি, কাশি দেওয়ার সময় মুখ ঢেকে নিতে হবে। হাত মেলানো ও আলিঙ্গন থেকে বিরত থাকতে হবে। সম্ভব হলে গণপরিবহনে মাস্ক ব্যবহার করতে হবে। ব্যক্তিগতভাবে ভূমিকা রাখার সবচেয়ে কার্যকর দুটি উপায় পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সামাজিকভাবে দূরত্ব বজায় রেখে চলা। তিনি বলেন, বাঙালি জাতি সহনশীল ও সাহসী। অনেক বড়ো দুর্যোগও সফলভাবে মোকাবিলা করার অভিজ্ঞতা আমাদের আছে। সব নির্দেশনা মেনে চললে, এই সংকটও আমরা সফলভাবে মোকাবিলা করতে পারব। এ মুহূর্তে গুজব থেকেও আমাদের সাবধান থাকতে হবে। সব তথ্য আপনাদের কাছে পৌঁছে দিতে প্রতিদিনই সরকারের পক্ষ থেকে ব্রিফিংয়ের আয়োজন করা হচ্ছে। জয় বলেন, ‘আপনাদের আশ্বস্ত করতে চাই, আমাদের প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সরকার আপনাদের পাশেই আছে। আতঙ্কিত হবেন না, সতর্ক থাকুন। সবার সম্মিলিত প্রচেষ্টায় জয় আমাদের হবেই। জয় বাংলা।’