করোনা ভাইরাসে আক্রান্ত দাবি করে ফেসবুকে ভিডিও প্রচার করায় পিরোজপুরে সোহেল শেখ হূদয় (১৯) এবং তার সহযোগী আহাদ ওরফে আনাম (১৯) নামে দুই কলেজছাত্রকে গোয়েন্দা পুলিশ গ্রেফতার করেছে। তাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। গতকাল রবিবার দুপুরে পিরোজপুর শহরের শেখপাড়া ও মধ্য রাস্তা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার হূদয় পিরোজপুর শেখপাড়ার ইসমাইল শেখের এবং আনাম মধ্যরাস্তার নান্নু শেখের ছেলে। তাদের খুলনার দুটি কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দেওয়ার কথা।
পিরোজপুরের পুলিশ সুপার হায়তুল ইসলাম খান জানান, গ্রেফতার হূদয় নিজে করোনা ভাইরাসের রোগীর মডেল হয়ে একটি ভিডিও তৈরি করে ফেসবুকে পোস্ট দিয়ে গুজব ছড়াচ্ছিল। এ কাজে আনাম তাকে সহযোগিতা করে বলে পুলিশের কাছে জানিয়েছে। পরিচিতি পাবার জন্য এ ধরনের ভিডিও করেছে বলে হূদয় জানায়।
মানিকগঞ্জ প্রতিনিধি জানান, করোনা ভাইরাস নিয়ে ফেসবুকে গুজব ছড়িয়ে আতঙ্ক সৃষ্টির অভিযোগে মানিকগঞ্জে এক প্রকৌশলীকে গ্রেফতার করা হয়েছে। সাবেক ছাত্রলীগ নেতা ইঞ্জিনিয়ার সাদ্দাম হোসেন অভি মুক্তিযুদ্ধ মঞ্চ মানিকগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বপালন করছেন। আটকের পর তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
ফেসবুকে করোনা ভাইরাস নিয়ে মিথ্যা প্রচারণার দায়ে প্রকৌশলী সাদ্দাম হোসেন অভিকে আটক করে পুলিশ। পরে তাকে শনিবার সন্ধ্যায় আদালতে হাজির করা হলে তিনি বিচারকের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মো. হাফিজুর রহমান জানান, অভি ‘করোনায় আক্রান্ত হয়ে মানিকগঞ্জের মুন্নু মেডিক্যাল কলেজ হাসপাতালে একজনের মৃত্যু ও তিন জনকে ঢাকায় স্থানান্তর লিখে ফেসবুকে স্ট্যাটাস দেন। এটি পুলিশের নজরে আসার পর অভিযান শুরু হয়।
চট্টগ্রামে আটক যুবদল নেতা তিন দিনের রিমান্ডে
চট্টগ্রাম অফিস জানায়, করোনা ভাইরাসে মৃত্যু নিয়ে গুজব ছড়ানোর দায়ে পুলিশের হাতে গ্রেফতার নগর যুবদল নেতা ডা. ইফতেখার আদনানের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। গতকাল বিকালে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু সালেম মোহাম্মদ নোমানের আদালত এ রিমান্ড মঞ্জুর করে। শনিবার মধ্যরাতে পাঁচলাইশ থানা পুলিশ বাদী হয়ে ডা. ইফতেখার আদনানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করে।