দোকান মালিক সমিতির সিদ্ধান্ত

২৫ থেকে ৩১ মার্চ মার্কেট দোকান বন্ধ

২৫ থেকে ৩১ মার্চ পর্যন্ত দেশের সুপারমার্কেটসহ সব মার্কেট বন্ধ থাকবে। তবে দৈনন্দিন জীবনযাপনের প্রয়োজনীয় জিনিসপত্রের দোকান, মুদিদোকান, কাঁচাবাজার, ওষুধের দোকান ও সুপারশপ খোলা থাকবে। গতকাল বাংলাদেশ দোকান মালিক সমিতি এ সিদ্ধান্ত নিয়েছে।

বাংলাদেশ দোকান মালিক সমিতির এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে, সমিতির কার্যনির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়েছে। সমিতির সভাপতি মো. হেলালউদ্দিন, মহাসচিব মো. জহিরুল হক ভুঁইয়া ও সিনিয়র সহসভাপতি তৌফিক এহসান এক যৌথ বিবৃতিতে এসব কথা বলেছেন।

একই সঙ্গে কোনো অবস্থাতেই কোনো পণ্যের দাম না বাড়ানোর জন্য নিত্যপ্রয়োজনীয় পণ্যসমূহের পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের প্রতি অনুরোধ জানানো হয়েছে ঐ বিবৃতিতে।

বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মোহাম্মদ হেলালউদ্দিন বলেন, করোনা ভাইরাস সংক্রমণের আতঙ্কের বিষয়টিকে পুঁজি করে ঢাকায় এবং ঢাকার বাইরে অনেক জায়গাতে জিনিসপত্রের দাম বাড়ানো হয়েছে বলে আমরা খবর পাচ্ছি। এরকম ঘটনা যেন না ঘটে তা নিশ্চিত করতে আমরা এই পদক্ষেপ নিয়েছি।

পাশাপাশি করোনা ভাইরাস আতঙ্কে মার্কেটগুলো ক্রেতাশূন্য হয়ে পড়ায় এবং শ্রমিক, কর্মচারী ও মালিকদের মধ্যে করোনা ভাইরাসে সংক্রমণের সম্ভাবনা যেন না হয় সেজন্যই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।