করোনা ভাইরাসের থাবায় বিশ্বব্যাপী পোশাকের বিকিকিনি কমে গেছে অস্বাভাবিক হারে। এর ধাক্কা লেগেছে দেশের প্রধান এ রপ্তানি পণ্যে। গার্মেন্টস শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর হিসাবে, গতকাল রবিবার পর্যন্ত ১ হাজার ২০০ কারখানার রপ্তানি আদেশ বাতিল হয়েছে, যার পরিমাণ ১৪৯ কোটি ডলার। স্থানীয় মুদ্রায় এর পরিমাণ প্রায় ১২ হাজার কোটি টাকা। বিজিএমইএ সভাপতি ড. রুবানা হক এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, কারখানা মালিকরা একের পর এক ক্রয়াদেশ বাতিল হওয়ার খবর জানাচ্ছেন।
ক্রয়াদেশ বাতিল না করতে এরই মধ্যে বিজিএমইএ বিদেশি ক্রেতাদের সংগঠন ব্র্যান্ড ফোরামকে অনুরোধ জানিয়ে চিঠি পাঠিয়েছে। বিশেষত শ্রমিকদের বেতনভাতা পরিশোধের ব্যবস্থা স্বাভাবিক রাখতে এ অনুরোধ জানানো হয়।
উদ্যোক্তারা জানিয়েছেন, অর্ডার বাতিল হলে অনেকেই তারল্য সংকটে পড়বেন। সেক্ষেত্রে শ্রমিকদের বেতনভাতা, ব্যাংকের পাওনা পরিশোধে সংকট তৈরি হতে পারে।