রাজধানীর বাড্ডায় সন্ত্রাসীর ছুরিকাঘাতে এক কিশোর নিহত হয়েছে। নিহতের নাম আরিফ। গতকাল রবিবার রাত ৯টায় এ ঘটনা ঘটে। এ সময় মমিন নামে অপর এক কিশোর আহত হয়। আহত কিশোর ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন রয়েছে। আর নিহত কিশোরের লাশ ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে রাখা হয়েছে।
হাসপাতালে আহত মমিন জানায়, সে ও আরিফ বন্ধু। তাদের বাসা বাড্ডার সাতারকুল এলাকায়। গতকাল রাত ৯টার দিকে তারা দুই জন একসঙ্গে বাসায় ফিরছিল। তারা যখন সাতারকুলের দারোগাবাড়ির সামনে পৌঁছায়, তখন কয়েক জন অতর্কিত আরিফের ওপর হামলা করে। দুর্বৃত্তরা আরিফের বুকে, ডান পাঁজরে ও ডান হাতে ছুরিকাঘাত করে। এ সময় মমিন বাধা দিলে সন্ত্রাসীরা মমিনের পেটে ও পিঠে ছুরিকাঘাত করে। পরে দুর্বৃত্তরা চলে গেলে স্থানীয়রা তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করে। রাত সাড়ে ১০টার দিকে হাসপাতালের কর্তব্যরত চিকিত্সকেরা আরিফকে মৃত ঘোষণা করেন।
এদিকে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, ঘটনাটি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে। থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্বৃত্তদের ব্যাপারে খোঁজখবর নিয়েছে। তাদের গ্রেফতারের জন্য অভিযান চালানো হচ্ছে। তিনি আরো জানান, নিহত আরিফের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা আছে। জানা গেছে, আহত মমিনের বাবার নাম নায়েব আলী। তার গ্রামের বাড়ি সুনামগঞ্জের সারেরকোনা গ্রামে।