তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ে বিএনপি বিদ্বেষমূলক কথাবার্তা বলছে। গতকাল রবিবার তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সমসাময়িক বিষয়াবলী নিয়ে গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়কালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, ‘দেশের এই পরিস্থিতিতে কারো রাজনীতি করা উচিত নয়। কিন্তু বিএনপি করোনা পরিস্থিতি নিয়ে নানা ধরনের বিদ্বেষমূলক দায়িত্বহীন কথাবার্তা বলছে, রাজনীতি করছে। আসলে এখন সকল রাজনৈতিক দলের উচিত দল মত নির্বিশেষে করোনা পরিস্থিতি মোকাবিলায় এগিয়ে আসা।’
হাছান মাহমুদ বলেন, ‘এখন রাজনীতি করার সময় নয়। এখন সময় হচ্ছে দলমত পথ নির্বিশেষে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে দেশ-জাতিকে রক্ষা করা। সবিনয়ে বিএনপির সবাইকে অনুরোধ জানাবো ঐক্যবদ্ধভাবে জনগণের পাশে দাঁড়ান। কোনো পরামর্শ থাকলে অবশ্যই সরকারকে দেবেন।’ করোনাভাইরাস সংক্রমণ থেকে বাঁচতে জনাকীর্ণ সংবাদ সম্মেলন না করে অনলাইনে বা ভিডিও কনফারেন্সের মাধ্যমে তথ্য সরবরাহের উদ্যোগের কথা জানান তিনি।