রূপগঞ্জে গরুচোরকে কুপিয়ে হত্যা, কাভার্ড ভ্যানে আগুন

ঢাকা বাইপাস সড়কে উপজেলার সুলফিনা এলাকায় গতকাল রবিবার ভোরে এক গরুচোরকে কুপিয়ে হত্যা করেছে উত্তেজিত জনতা। গরুচোরদের ব্যবহূত কাভার্ড ভ্যানে আগুন লাগিয়ে সেটি পুড়িয়ে দেওয়া হয়।

পুলিশ জানায়, ঐ কাভার্ড ভ্যানে ( ঢাকা মেট্রো-ম-১১-০৭২৭) করে চোরেরা তিনটি গরু নিয়ে যাচ্ছিল। খবর পেয়ে কালীগঞ্জ থানা পুলিশ ধাওয়া করে সুলফিনা এলাকায় চোরদের আটক করে। একপর্যায়ে গ্রামবাসী পুলিশের কাছ থেকে গরুচোরদের ছিনিয়ে নিয়ে উপর্যুপরি পিটিয়ে ও কুপিয়ে অজ্ঞাতনামা এক চোরকে (৩৫) হত্যা করে এবং তাদের ব্যবহূত কাভার্ড ভ্যানে আগুন দেয়। সকালে রূপগঞ্জ থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

জানা যায়, ঘটনার সময় ফাঁড়ির এসআই আব্দুল বাসেদ ও এক কনস্টেবল গুরুতর জখম হন। তাদের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। রূপগঞ্জ থানার ওসি মাহামুদুল হাসান জানান, এ ব্যাপারে রূপগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।