করোনা ভাইরাস শনাক্তে সিঙ্গাপুর থেকে ১০ হাজার কিট আমদানি করা হচ্ছে। করোনা ভাইরাস মোকাবিলায় গাজীপুর মহানগরীর ওয়ার্ডভিত্তিক ৬৩টি কমিটি গঠন করা হয়েছে। তারা স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশ মোতাবেক কাজ করবে বলে জানিয়েছেন গাজীপুর সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম।
তিনি রবিবার দুপুরে মহানগরীর গাছা আঞ্চলিক কার্যালয়ে করোনা ভাইরাস সংকট মোকাবিলায় করণীয় শীর্ষক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান।
মেয়র বলেন, ‘ইতোমধ্যে সিঙ্গাপুর থেকে কিছু কিট আনা হয়েছে। বিভিন্ন দেশ থেকে আরো কিট আনার চেষ্টা করছি। আজও ১০ হাজার কিট অর্ডার করেছি। মাত্র চারটি দেশে বিমান চলাচল করায় কন্টেইনারের মাধ্যমে এসব কিট আমদানি করার চেষ্টা করছি।’
মেয়র আরো বলেন, গাজীপুরে ২২ লাখের মতো পোশাক শ্রমিক রয়েছে। কোনো শ্রমিকের প্রাথমিকভাবে জ্বর, ঠান্ডা লাগলে তাকে যেন ছুটি দিয়ে দেওয়া হয়। শ্রমিকদের বাসায় অবস্থান নিশ্চিত করতে গার্মেন্টস মালিকদের সঙ্গে সিটি করপোরেশনও সহযোগিতা করবে। একই সঙ্গে তিনি পোশাক শ্রমিকদের অর্থনৈতিকভাবে সহায়তা দেওয়ারও আশ্বাস প্রদান করেন।
মতবিনিময় সভায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. আনোয়ার হোসেন, সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আমিনুল ইসলাম, সিভিল সার্জন মো. খায়রুজ্জামান, শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডা. খলিলুর রহমান ও বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরগণ উপস্থিত ছিলেন।
গাজীপুরে ইউপি চেয়ারম্যানের
বিরুদ্ধে সদস্যদের অনাস্থা
গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবু বকর সিদ্দিকের বিরুদ্ধে অনাস্থা দিয়েছে পরিষদের ১১ জন সদস্য। তার বিরুদ্ধে দুর্নীতি, স্বজনপ্রীতি, ক্ষমতার অপব্যবহার ও শুধু এক জন ইউপি সদস্য ও সচিবকে নিয়ে অন্য ১১ সদস্যকে মূল্যায়ন না করে পরিষদ পরিচালনার অভিযোগ আনা হয়েছে। রবিবার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল জাকিরের কাছে লিখিত আকারে ঐ অনাস্থা প্রদান করেন ১১ জন ইউপি সদস্য। পরে তারা জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলামের কাছে চেয়ারম্যানের বিরুদ্ধে লিখিত অভিযোগ প্রদান করেন। আবু বকর সিদ্দিক অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি কোনো অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িত নন।