করোনা ভাইরাসের সংক্রমন এড়াতে শিবচরের সর্বস্তরের জনগনকে সতর্কতা অবলম্বন ও প্রশাসনের নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছেন মাদারীপুর-১ (শিবচর) আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী লিটন। তার নির্দেশে জেলা ও উপজেলা প্রশাসন এবং উপজেলা আওয়ামীলীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সার্বক্ষনিক উপজেলাজুড়ে মনিটরিং করছেন।
বৃহস্পতিবার করোনা সংক্রমণের বিষয়ে ফরিদপুর, মাদারীপুরসহ শিবচরকে সর্বাধিক ঝুকিঁপূর্ণ ঘোষণার পর উপজেলা প্রশাসনের সভাকক্ষে জরুরী সভা করেন প্রশাসনের কর্মকর্তারা।
ভাইরাসের সংক্রমন ঠেকাতে শুক্রবার রাতেই জরুরী সেবা ও নিত্য-প্রয়োজনীয় দ্রব্যের দোকান ছাড়া সব দোকান বন্ধ করে দেওয়া হয়। চিহ্নিত এলাকায় অবস্থান নেয় পুলিশ ও নির্বাহী ম্যাজিস্ট্রেট। উপজেলাজুড়ে অতিরিক্ত আড়াই শতাধিক পুলিশ সদস্য মোতায়েন করা হয়।
পাশাপাশি সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে জেলা প্রশাসকসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপজেলায় অবস্থান নেন। জনগনকে হোম কোয়ারেন্টাইন মেনে চলতে মাইকিং করে উপজেলা প্রশাসন ও শিবচর পৌরসভা। গত কয়েকদিন ধরে দুই ধাপে যুক্ত হওয়া মোট ছয়টি এলাকা প্রশাসনের কঠোর নজরদারিতে রয়েছে। এছাড়াও উপজেলার গুরুত্বপূর্ণ ১৬টি স্থানে ২৪ ঘণ্টা পুলিশ মোতায়েন রাখা হয়েছে। সেই সঙ্গে সাদাপোশাকেও নিয়োজিত আছেন পুলিশ সদস্যরা।
খাদ্য এবং ঔষুধের দোকান ছাড়া অন্যান্য সব দোকানপাট বন্ধ রয়েছে। উপজেলার ভেতরে সব সড়কে গণপরিবহন বন্ধ রাখা হয়েছে। খোলা হয়েছে কন্ট্রোল রুম। খুব দরকার ছাড়া ঘর থেকে কেউ বের হচ্ছেন না। এছাড়াও করোনা ভাইরাসের ঝুঁকিতে রয়েছে কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুট। এই রুট দিয়ে প্রতিদিন দক্ষিণ-পশিচমাঞচলের ২১ জেলার হাজার হাজার যাত্রী রাজধানীতে যাওয়া আসা করে।
ইত্তেফাক/জেডএইচডি