সিলেটে কয় উস্টা খাওয়া
অন্য জেলায় কী তা?
সবাই নিজের আঞ্চলিকে
নেন বুঝে তা মিতা।
হোঁচট নানা প্রকার বাধায়
ঘটতে পারে প্রিয়
চলতি পথে সতর্কতা
তাই সকলে নিয়ো।
পাথর কণা, ইটের পিস ও
রাস্তা হলে ভাঙা
হোঁচট খাওয়ার উপকরণ
হয় তখনই চাঙা।
তার মানে এই হোঁচট খেতে
পা-টাই হলো মুখ্য
তারপরেও হোঁচট খাওয়ার
সম্ভাবনা সূক্ষ্ম!
জিহ্বা যদি যায় গো তোমার
ঠিক নাগালের বাইরে
পা ছাড়াও হোঁচট খাবে
বাউলা বলে তাই রে।
তাই শোনো ভাই সামলে রাখো
জিহ্বা এবং পা-টা
হোঁচট বিহীন মিহি হবে
পথচলা ও হাঁটা।