একে একে সবই বন্ধ হয়ে যাচ্ছে। করোনা ভাইরাসের প্রবলতর সংক্রমণের ভয়ে মাঠের খেলা বন্ধ হয়েছে আগেই। একে একে বিভিন্ন ক্রিকেট বোর্ডও তাদের দাপ্তরিক কাজ কর্মীদের বাড়ি থেকে করতে বলেছে। এবার সেই পথে বন্ধ হয়ে গেল আইসিসির সদর দপ্তরও।
বাংলাদেশ, ভারতসহ বিভিন্ন দেশের ক্রিকেট বোর্ডের কার্যালয় বন্ধ রয়েছে। ঘরে বসে চলছে কাজ। এই পথ ধরল আইসিসিও।
কোভিড-১৯ রোগের বিস্তৃতি ঠেকাতে বিশ্বের অনেক ক্রীড়া ইভেন্টের মতো ক্রিকেটও আপাতত বন্ধ রয়েছে। যা প্রভাব ফেলেছে পূর্বনির্ধারিত সূচিতে। আগামী শুক্রবার ভিডিও কনফারেন্সে আইসিসি চেয়ারম্যান শশাঙ্ক মনোহর ও চিফ এক্সিকিউটিভ মানু সাহনি এসব বোর্ডের জরুরি বিষয়ে আলোচনা করবেন। আগামী অক্টোবর ও নভেম্বরে অস্ট্রেলিয়ার হওয়ার কথা টি-টোয়েন্টি বিশ্বকাপ। কিন্তু দেশটির সরকার ইঙ্গিত দিয়েছে, টুর্নামেন্টটি কমপক্ষে ছয় মাস পেছানোর।