বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচন পূর্বসূচি অনুযায়ী করা সমীচীন হবে কি না, জানতে চেয়ে ফিফাকে চিঠি দিয়েছেন বাফুফের সহসভাপতি মহিউদ্দিন আহমেদ মহি।
করোনা ভাইরাসের কারণ দেখিয়ে কয়েক দিন আগে মহিউদ্দিন আহমেদ মহি বাফুফে সভাপতি বরাবর নির্বাচন স্থগিত করার অনুরোধ করেছিলেন। কিন্তু কোনো প্রতিক্রিয়া পাননি। সারা বিশ্বের পাশাপাশি কোভিড-১৯ ভাইরাস বাংলাদেশের জনজীবনকেও থমকে দিয়েছে।
সরকার ২৬ মার্চ জাতীয় দিবসে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অনুষ্ঠানও স্থগিত করেছে। সারাদেশে বিভিন্ন জেলায় লকডাউন ও যানবাহন সীমিত হয়ে আসছে। এর মধ্যেও বাফুফে তাদের নির্বাচন ও নির্বাচনী প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে।
এ কারণেই গত রোববার ফিফা সভাপতি জিয়ানো ইনফান্তিনোকে চিঠি লেখেন মহি। তিনি গতকাল বাফুফে ভবনে গণমাধ্যমকে জানান, তিনি ফিফা সভাপতিকে বাংলাদেশের সার্বিক অবস্থা এবং নির্বাচন সমীচীন কি না জানতে চেয়ে ইমেইলে চিঠি দিয়েছেন। চিঠির কপি এএফসিকেও দিয়েছেন তিনি।
বাফুফের এই সহসভাপতি গতকাল অন্যান্য বিষয়ের মধ্যে বাফুফে নির্বাচন নিয়ে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগের বিভিন্ন মন্তব্যের এক্তিয়ার নিয়েও প্রশ্ন তোলেন। তিনি জানতে চান বাফুফে কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত ছাড়া সাধারণ সম্পাদক নির্বাচন হবেই এমন মন্তব্য কোনো এক্তিয়ারে করেন?