করোনার প্রভাব

কুমিল্লার সব পর্যটনকেন্দ্র বন্ধ

করোনা ভাইরাসের আতঙ্কে বন্ধ করে দেওয়া হয়েছে কুমিল্লার বিভিন্ন এলাকার পর্যটন স্থাপনাগুলো। দেশে করোনা সংক্রমণ রোধে ও জনসমাগম এড়াতে কুমিল্লা নগর উদ্যান, শিশুপার্ক, শালবন বিহার ও ময়নামতি জাদুঘর, প্রত্নতাত্ত্বিক স্থানসহ জেলার সরকারি-বেসরকারি সকল বিনোদনকেন্দ্র বন্ধ ঘোষণা করা হয়েছে। জেলা ও নগর প্রশাসন সূত্রে এসব তথ্য জানা গেছে।

কুমিল্লা কোটবাড়ী ময়নামতি জাদুঘর ও শালবন বিহারের কাস্টোডিয়ান মো. হাফিজুর রহমান জানান, কুমিল্লা জেলা প্রশাসকের পক্ষ থেকে জেলার সব প্রত্নতাত্ত্বিক ও দর্শনীয় স্থানগুলো গত ১৭ মার্চ থেকে বন্ধ করে দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে কুমিল্লা কোটবাড়ীর শালবন বিহার, ময়নামতি জাদুঘর, নবশালবন বিহার, রূপবান মুড়া, ইটাখোলা মুড়া, কুটিলা মুড়া, চন্ডিমুড়া মন্দির, ব্লু-ওয়াটার পার্ক, ডায়নোসর পার্ক, ময়নামতি ওয়ার সিমেট্রি, ময়নামতি রাণীর বাংলোসহ লালমাই ও ময়নামতি পাহাড়ে ছড়িয়ে-ছিটিয়ে থাকা দর্শনীয় স্থানগুলো। কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র মো. মনিরুল হক সাক্কু বলেন, নগরীর চিড়িয়াখানা, বোটানিক্যাল গার্ডেন, নগর উদ্যান ও শিশুপার্কসহ সকল বিনোদনকেন্দ্র বন্ধ ঘোষণা করা হয়েছে। বৈকালিক আড্ডা, জনসমাগম বন্ধে নগরীর কেন্দ্রীয় ঈদগাহের ফটকেও তালা দিয়ে রাখা হয়েছে। আউটার স্টেডিয়ামে চলমান বাণিজ্য মেলাও বন্ধ করে দেওয়া হয়েছে।

কুমিল্লা জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর বলেন, সারাদেশে করোনা ভাইরাসের আতঙ্ক বিরাজ করছে। এটি একটি বৈশ্বিক সমস্যা। তবে আতঙ্ক নয়, এ ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা পেতে সচেতনতা প্রয়োজন। এ ভাইরাস যেন না ছড়ায় সেজন্য সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে জেলার সকল দর্শনীয় ও বিনোদন স্থাপনাসহ জনসমাগমের জায়গাগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। তবে করোনার প্রভাব কমলে এসব স্থান পুনরায় খুলে দেওয়া হবে।