বেনাপোল বন্দর

২৩ মার্চ থেকে ২৭ মার্চ আমদানি-রপ্তানি বন্ধ

পণ্যবাহী ট্রাক বা ট্রাকের চালক ও হেলপারদের মাধ্যমে করোনা ভাইরাসের জীবাণু যাতে এক রাজ্য থেকে অন্য রাজ্যে প্রভাব বিস্তার করতে না পারে তার জন্য ২৩ মার্চ থেকে ২৭ মার্চ পর্যন্ত বেনাপোল পেট্রাপোল বন্দর দিয়ে সব ধরনের আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ করে দিয়েছেন ভারত সরকার। এতে দুই দেশের বন্দর এলাকায় আটকা পড়েছে শতশত পণ্যবাহী ট্রাক।

ভারতের পেট্রাপোল বন্দরের স্টাফ ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চন্দ্র জানান, ভারতের বিভিন্ন রাজ্যে করোনা ভাইরাসের প্রভাব বিস্তার করায় পশ্চিমবঙ্গে ২৩ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত লকডাউন ঘোষণা করেছেন পশ্চিমবঙ্গ সরকার। তবে পূর্ব ঘোষণা ছাড়াই হঠাত্ করে বন্ধ করে দেওয়ায় দুই দেশের বন্দর এলাকায় আটকা পড়েছে শত শত পণ্যবাহী ট্রাক।

বেনাপোল সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন জানান, দুই দেশের জনস্বার্থে আমদানি-রপ্তানি বাণিজ্য কয়েকদিন বন্ধ রাখার সিদ্ধান্ত সঠিক, তবে পূর্ব ঘোষণা দিয়ে এটা বন্ধ করা উচিত ছিল। অনেক পণ্যবাহী ট্রাক গেটপাশ করে ভারতের পেট্রাপোল বন্দরে অবস্থান করছিল বাংলাদেশে প্রবেশ করবে বলে। কিন্তু হঠাত্ করে গতকাল সন্ধ্যায় এ ধরনের সিদ্ধান্তে উভয় বন্দর এলাকায় আটকে গেছে শত শত পণ্যবাহী ট্রাক। বেনাপোল কাস্টম হাউজের সহকারী কমিশনার উত্তম চাকমা জানান, করোনা ভাইরাসের প্রভাব বিস্তার রোধে বেনাপোল বন্দর দিয়ে ভারত বাংলাদেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য ২৩ মার্চ থেকে ২৭ মার্চ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন ভারত সরকার। তবে জীবনরক্ষাকারী ওষুধ বা খাদ্যবোঝাই ট্রাক এ ঘোষণার আওতাবহির্ভূত থাকবে। তবে বন্ধের সিদ্ধান্তের সময় বৃদ্ধি করা না হলে ২৮ মার্চ থেকে আমদানি-রপ্তানি আবার চালু হবে। তবে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও বেনাপোল বন্দরে লোড-আনলোডসহ খালাশ প্রক্রিয়া স্বাভাবিক গতিতে চলছে। বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান হাবিব জানান, দুই দেশের মধ্যে ১৪ মার্চ থেকে আগামী ১৫ এপ্রিল পর্যন্ত নতুন করে কাউকে বাংলাদেশ বা ভারতে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা আছে। এজন্য যাত্রী চলাচল অনেক কম।

ভোমরা স্থলবন্দরের আমদানি-রপ্তানি আট দিন বন্ধ

সাতক্ষীরা প্রতিনিধি জানান, সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে সোমবার আমদানি-রপ্তানি কার্যক্রম চললেও ২৪ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। করোনা ভাইরাস প্রতিরোধে ভারতের পশ্চিমবঙ্গের ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার এই সিদ্ধান্ত নেওয়ায় ৮দিন বন্দরের কার্যক্রম বন্ধ থাকবে।

ভোমরা সিএন্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশনের সভাপতি আরাফাত পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন বিভাগের জারি করা প্রজ্ঞাপনের উদ্ধৃতি দিয়ে জানান, করোনা ভাইরাস ছড়ানো প্রতিরোধে ২২ মার্চ মধ্যরাত থেকে ৩১ মার্চ পর্যন্ত সব ধরনের পণ্য পরিবহন যন্ত্র চালানো নিষিদ্ধ করেছে। তবে আমদানিকারকদের বিশেষ অনুরোধে আটকে পড়া ট্রাকগুলো আসার স্বার্থে শুধুমাত্র সোমবার পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম চলে। ২৪ মার্চ থেকে আগামী ৩১ মার্চ পর্যন্ত সকল প্রকার আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। ভোমরা ইমিগ্রেশনের কর্মকর্তা বিশ্বজিত্ সরকার জানান, মঙ্গলবার থেকে যেহেতু ওপারে গাড়ি বন্ধ, তাই সোমবার বেশ ভীড় রয়েছে। ভোমরা শুল্ক স্টেশনের তথ্য কর্মকর্তা তারিকুল ইসলাম জানান, পেঁয়াজসহ অন্যান্য পণ্যের আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিক রয়েছে। তবে ২৪ মার্চ থেকে হয়তো বন্ধ হয়ে যেতে পারে।