মধুখালীতে ৭০ টাকার পেঁয়াজ ২৫ টাকা!

ফরিদপুরের মধুখালী সোমবার হাটে ব্যাপক পেঁয়াজের আমদানি হওয়ায় ৭০ টাকা কেজি দরের পেঁয়াজ মাত্র ২৫ টাকা কেজি দরে বিক্রি হতে দেখা য়ায়। পেঁয়াজের দাম পড়ে যাওয়ার বেশির ভাগ কৃষক তাদের পেঁয়াজ নিয়ে বাড়ি ফিরে যায়। হঠাত্ করেই পেঁয়াজের দাম দুই ঘণ্টার পর আবার বেড়ে ৩৫-৪০ টাকায় বিক্রি হয়। পেঁয়াজ নিয়ে আসা কৃষক আব্দুল হাই জানান, করোনার কারণে সবকিছুর দাম বাড়ছে। আমাদের হাতে টাকা নেই। পেঁয়াজ বিক্রি করে বাড়ির জন্য সদাই কিনব বলে এসেছিলাম কিন্তু দাম পড়ে যাওয়ায় বাড়ি ফিরে যাচ্ছি।

উপজেলা কৃষি অফিসার প্রতাব মণ্ডল জানান, এ বছর মধুখালীতে পেঁয়াজের আবাদ বেশি হয়েছে। চলতি মৌসুমে মোট ৩ হাজার ৩৪০ হেক্টর জমিতে বিভিন্ন জাতের পেঁয়াজের আবাদ করা হয়। যেখানে গত বছর ২০১৮-১৯ মৌসুমে মোট ২ হাজার ৯০০ হেক্টর জমিতে পেঁয়াজের চাষ করা হয়েছিল।