বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ারদর অপরিবর্তিত

শেয়ারবাজারের পতন ঠেকাতে চালু করা নতুন সার্কিট ব্রেকারের কারণে সোমবার বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ারদর অপরিবর্তিত রয়েছে। তবে স্বল্পসংখ্যক প্রতিষ্ঠানের শেয়ারদর বাড়ার কারণে বেড়েছে মূল্যসূচক। সেই সঙ্গে লেনদেনও বেড়েছে। গতকাল দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৯৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৪৭টির। আর দাম অপরিবর্তিত রয়েছে ২০৮টির।

গতকাল বেশির ভাগ প্রতিষ্ঠানের দাম অপরিবর্তিত থাকলেও দিনের লেনদেন শেষে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ২৪ পয়েন্ট বেড়ে ৩ হাজার ৯৮৫ পয়েন্টে দাঁড়িয়েছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই-৩০ বেড়েছে ২ পয়েন্ট। আর ডিএসই শরিয়াহ বেড়েছে ২ পয়েন্ট। সূচক বাড়ার পাশাপাশি ডিএসইতে বেড়েছে লেনদেনের পরিমাণ। দিনভর লেনদেন হয়েছে ২৫৪ কোটি ৩০ লাখ টাকা। আগের দিন লেনদেন হয় ১৪৫ কোটি ৮৩ লাখ টাকা। এ হিসাবে লেনদেন বেড়েছে ১০৮ কোটি ৪৭ লাখ টাকা।