‘সবাই ঘরে থাকুন’

করোনা ভাইরাস রোধে সারা বিশ্বে এই মুহূর্তে সবচেয়ে বেশি ব্যবহূত হচ্ছে যে শব্দ, তা হলো ‘স্টে হোম’ বা ‘ঘরে থাকুন’। বিশ্বের শক্তিধর ও উন্নত রাষ্ট্রগুলোও নিজ দেশের জনগণকে ঘরে রাখতে সশস্ত্র বাহিনী মোতায়েন করেছে। কিন্তু তার পরও অনেক দেশ মানুষকে ঘরে রাখতে ব্যর্থ হয়েছে। এ কারণে ঐ সব দেশে করোনা ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়েছে এবং মানুষ মারা যাওয়ার সংখ্যা বাড়ছে। এ থেকে শিক্ষা নিয়ে দেশের জনগণকে ঘরে রাখার উদ্যোগ নিয়েছে সরকার। আজ মঙ্গলবার থেকে সারা দেশে মোতায়েন করা হচ্ছে সশস্ত্র বাহিনী। এদিকে দেশে করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরো এক জন মারা গেছেন। তার বয়স ৬০ বছরের বেশি। এ নিয়ে দেশে তিন জন মারা গেলেন। এই তিন জনের মধ্যে দুই জনের ট্রাভেল হিস্ট্রি রয়েছে। এক জন ভারত, এক জন বাহরাইন থেকে আসেন। গতকাল সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ড. মীরজাদী সেব্রিনা ফ্লোরা অ্যাপসের মাধ্যমে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। তিনি বলেন, এক জন চিকিত্সক, দুই জন নার্স, এক জন স্বাস্থ্যসেবা কর্মীসহ আরো ছয় জন নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে তিন জন নারী, তিন জন পুরুষ। তাদের বয়স ২০ থেকে ৩০ বছরের মধ্যে এক জন, ৩০ থেকে ৪০-এর মধ্যে দুই জন, ৪০ থেকে ৫০-এর মধ্যে এক জন, ষাটোর্ধ্ব দুই জন, এর মধ্যে এক জনের বয়স ৭০ বছরের ওপরে। এ নিয়ে দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৩। আক্রান্তদের মধ্যে পাঁচ জন সুস্থ হয়ে ইতিমধ্যে হাসপাতাল ছেড়েছেন।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, করোনা ভাইরাস     পরীক্ষায় দেশে আরো আটটি ল্যাবরেটরি স্থাপন করা হচ্ছে। যন্ত্রপাতিও চলে এসেছে। গতকাল সচিবালয়ে এক অনুষ্ঠানে তিনি আরো বলেন, এসব যন্ত্রপাতি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়সহ ঢাকা ও ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে স্থাপন করা হবে। জাহিদ মালেক জানান, এই মুহূর্তে সারা দেশে ১৮ হাজার মানুষকে হোম কোয়ারেন্টাইনে নেওয়া হয়েছে। অনুষ্ঠানে বিদ্যুত্ ও জ্বালানি মন্ত্রণালয় এবং বেসরকারি খাতের পাওয়ার প্ল্যান্ট কোম্পানিগুলোর সংগঠনের পক্ষ থেকে করোনার জন্য চিকিত্সকদের ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) দেওয়ার ঘোষণা দেওয়া হয়। তারা মোট ৫০ হাজার পিপিই ও ৫০ হাজার করোনা পরীক্ষার কিট দেবে বলে জানায়। গতকালের অনুষ্ঠানে ৪ হাজার পিপিই দেওয়া হয়।

আইইডিসিআরের পরিচালক অধ্যাপক ড. মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, খুব প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হবেন না। এমনকি হাসপাতালেও যাবেন না। গত ২৪ ঘণ্টায় ৫৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। মোট পরীক্ষা করা হয়েছে ৬২০ জনের। কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে করোনা ভাইরাস ঠেকাতে পদক্ষেপ নেওয়া হয়েছে। কোভিড-১৯ রোগকে বৈশ্বিক মহামারি ঘোষণার পর পৃথিবীর বিভিন্ন দেশ আগ্রাসী পদক্ষেপ গ্রহণ করে, যেখানে নাগরিকদের ঘরে থাকার ওপর জোর দেওয়া হয়। এভাবে চীন, সিঙ্গাপুর, তাইওয়ান, দক্ষিণ কোরিয়া করোনা মোকাবিলায় এখন পর্যন্ত সাফল্য পেয়েছে। রাশিয়া ঘরে থাকা বাধ্যতামূলক করে কেউ না মানলে পাঁচ বছরের কারাদণ্ডের ঘোষণা দিয়েছে। ইতালি ও যুক্তরাষ্ট্র এ পথেই গেছে।

করোনার নিরাপত্তাসামগ্রী জেলা পর্যায়ে পৌঁছায়নি, চিকিত্সকদের উদ্বেগ

এখনো পর্যন্ত পিপিই জেলা-উপজেলা পর্যায়ে পৌঁছায়নি। এ কারণে চিকিত্সক, নার্সসহ স্বাস্থ্যসেবা কর্মীরা উদ্বিগ্ন, আতঙ্কিত। জেলা পর্যায়ে চিকিত্সকের নিরাপত্তা সরঞ্জাম বলতে মুখে শুধু মাস্ক। তা-ও নিজের টাকায় কেনা। ব্যক্তিগত নিরাপত্তাসামগ্রী বা পার্সোনাল প্রোটেকশন ইকুইপমেন্টের (পিপিই) অভাবে হাসপাতালের চিকিত্সক, নার্সসহ স্বাস্থ্যকর্মীদের মধ্যে উদ্বেগ চরমে পৌঁছেছে। জেলা পর্যায়ের অধিকাংশ হাসপাতালে সর্দি, কাশি ও জ্বরের চিকিত্সা দেওয়া হচ্ছে না। রোগীদের হাসপাতালে না এসে ফোনে চিকিত্সকের পরামর্শ নিতে বলা হচ্ছে। এ জন্য মাইকিংও করা হচ্ছে ভোলার মনপুরা উপজেলায়। আরো কয়েকটি জেলায় নানাভাবে প্রচার চালানো হচ্ছে। করোনা ভাইরাস মোকাবিলায় সরকারের পক্ষ থেকে নানা প্রস্তুতির কথা বলা হলেও সারাদেশের হাসপাতালগুলোর চিকিত্সকেরাই নিজেদের স্বাস্থ্যঝুঁকির কথা জানিয়েছেন। সারাদেশের সিভিল সার্জনরা পিপিইয়ের চাহিদা জানিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের চিঠি দিয়েছে। কিন্তু পাচ্ছে না। রাজবাড়ী, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়াসহ কয়েকটি জেলায় কিছু নিরাপত্তাসামগ্রী পৌঁছালেও এর ব্যবহার শুরু হয়নি।

ভৈরবে ইতালিফেরত ব্যক্তির মৃত্যু

ভৈরব (কিশোরগঞ্জ) সংবাদদাতা জানান, কিশোরগঞ্জের ভৈরবের জগনাথপুরে ইতালিফেরত আব্দুল খালেক (৬০) নামে এক অসুস্থ প্রবাসী মারা গেছেন। রবিবার রাতে শহরের একটি প্রাইভেট হাসপাতালে তিনি মারা যান। এ ঘটনায় দুইটি প্রাইভেট হাসপাতালসহ মৃত প্রবাসীর বাড়িটিকে লকডাউন করেছে উপজেলা প্রশাসন। জানা গেছে, আব্দুল খালেক গত ২৮ ফেব্রুয়ারি ইতালি থেকে দেশে ফিরে ছিলেন। কিন্তু তিনি বিদেশফেরতের তথ্য গোপনে রেখে ছিলেন। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বুলবুল আহমেদ জানান, আইইডিসিআর মৃতের নমুনা সংগ্রহ করছেন।

পঞ্চগড় প্রতিনিধি জানান, পঞ্চগড়ে করোনা ভাইরাস আক্রান্ত সন্দেহে এক জনকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের আইসোলেশন সেন্টারে ভর্তি করা হয়েছে। রবিবার গভীর রাতে তার শরীরে জ্বর, সর্দি-কাশি এবং বুকে ব্যথাসহ শ্বাসকষ্ট শুরু হলে তাকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে।

ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা জানান, ঈশ্বরদীতে পহেলা মার্চ হতে ২০ মার্চ পর্যন্ত বিদেশি নাগরিকসহ মোট ২৭৭ জন বিদেশ থেকে এসেছে। তাদের ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা রয়েছে। কিন্তু রূপপুর পারমাণবিক বিদ্যুত্ প্রকল্প, ইপিজেডসহ বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত বিদেশি নাগরিক এবং প্রবাসীরা সরকারি নির্দেশনা উপেক্ষা করে প্রকাশ্যে চলাফেরা এবং স্বজনদের সঙ্গে মেলামেশা করছেন।

মৌলভীবাজার প্রতিনিধি জানান, মৌলভীবাজারে ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে যুক্তরাজ্য প্রবাসী এক নারীর মৃত্যু হয়েছে। ধারণা করা হচ্ছে, করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন। প্রায় এক মাস আগে রেজিয়া বেগম (৬০) যুক্তরাজ্য থেকে দেশে আসেন। তিনি শহরের কাশিনাথ রোডের এম আর ভিলা নামীয় নিজস্ব বাসায় বসবাস করতেন। গত রবিবার দুপুর দেড়টার দিকে রেজিয়া বেগমকে সদর হাসপাতালে নিয়ে গেলে কিছুক্ষণ পর তার মৃত্যু হয়। পরে আত্মীয়স্বজন তাকে শহরের লাইফলাইন হাসপাতালে নিয়ে যান। সেখানেও চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। পরে লাশ কাশিনাথ রোডের বাসায় নিয়ে গোসল সম্পন্ন করে  রাত ৯টার দিকে একটি ফ্রিজিং গাড়িতে রাখা হয়।

গতকাল সদর উপজেলার গিয়াসনগরে তার লাশ দাফন করা হয়। এ ঘটনার পর শহরের কাশিনাথ রোডের পাঁচটি বাসাকে প্রশাসন হোম কোয়ারেন্টাইন করে রাখে। পাশাপাশি হাসপাতালের চিকিত্সক, নার্স ও স্টাফ মিলে সাত জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

চট্টগ্রাম অফিস জানায়, মহানগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় এক রোগীর মৃত্যুর ঘটনায় আইসিইউ ইউনিট বন্ধ রেখেছে হাসপাতাল কর্তৃপক্ষ। যে চিকিত্সক ঐ রোগীকে চিকিত্সাসেবা দিয়েছেন, তিনিও হোম কোয়ারেন্টাইনে রয়েছেন।