করোনা মোকাবিলায় ৫০০ সদস্যের কমিটি গঠন করা হয়েছে -----------ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, দেশে করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবিলায় চিকিত্সকসহ ৫০০ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। গতকাল সোমবার সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সভাকক্ষে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে রবিবার বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (বিএমএ) নেতৃত্বে চিকিত্সকদের নিয়ে ৫০০ সদস্যের একটি কমিটি করা হয়েছে। চিকিত্সকদের এই কমিটি স্বাস্থ্য বিভাগের সঙ্গে বা যাদের সঙ্গে দরকার, যোগাযোগ রেখে দায়িত্ব পালন করবেন। আমাদের স্বাস্থ্য উপকমিটির সঙ্গে সহযোগিতা করে দায়িত্ব পালন করে যাবে।’

সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন,          প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের স্বাস্থ্য সুরক্ষায় বদ্ধপরিকর। তিনি বৈশ্বিক এই সংকট মোকাবিলার জন্য সব ধরনের প্রস্তুতি নিয়েছেন। দলীয়ভাবে আওয়ামী লীগকে নির্দেশ দিয়েছেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘সচেতনতা, যথাযথ স্বাস্থ্যবিধি পালনই পারে ভয়াবহ সংকট থেকে মুক্তি দিতে। এটাকে একটা যুদ্ধ হিসেবে গ্রহণ করে সবাইকে সতর্কতা, দায়িত্বশীলতা, মানবিকতা ও দেশপ্রেম দিয়ে পরিস্থিতি মোকাবিলা করতে হবে। এই যুদ্ধ মোকাবিলায় যার যার দায়িত্ব পালন করতে হবে। নিজের নিরাপত্তা ও জীবন রক্ষা করে অপরকে বাঁচাতে হবে। এই যুদ্ধে বিজয়ী হওয়ার জন্য সবাইকে ঝাঁপিয়ে পড়তে হবে।’