সাদুল্লাপুরে করোনা রোগীদের সংস্পর্শে আসা ২৪ জন হোম কোয়ারেন্টাইনে

গাইবান্ধার সাদুল্লাপুরে করোনা ভাইরাসে আক্রান্ত দুই রোগীর সংস্পর্শে আসা ২৪ জনকে নিজ নিজ বাড়িতে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এছাড়া ঐ বিয়ে বাড়ির অনুষ্ঠানে কারা কারা উপস্থিত ছিলেন তাদের খোঁজ করছে উপজেলা স্বাস্থ্য বিভাগ, থানা পুলিশ ও উপজেলা প্রশাসন। 

তবে বিয়ের নিমন্ত্রণ কার্ড ও উপহার সামগ্রী প্রদানকারীদের কোনো তালিকা ঐ বিয়ে বাড়িতে সংরক্ষিত না থাকায় বিয়ের ভিডিও এখনো পাওয়া যায়নি বলে জানান সাদুল্লাপুর থানার ওসি মাসুদ রানা। জানা গেছে, যে ২৪ জন কোয়ারেন্টাইনে রয়েছেন তারা গাইবান্ধা সদর, সাদুল্লাপুর ও বগুড়ার বাসিন্দা। গতকাল সোমবার বিকালে ঢাকা থেকে আইইডিসিআরের চার সদস্যের         একটি টিম গাইবান্ধায় পৌঁছেছে। তারা বিকাল সাড়ে ৫টায় জেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের সঙ্গে জেলা সিভিল সার্জনের অফিসে বৈঠক করেন। পরে সন্ধ্যা ৭টায় সাদুল্লাপুরের হবিবুল্লাপুর গ্রামের ঐ বিয়ে বাড়িতে যান। কিন্তু গণমাধ্যম কর্মীদের সঙ্গে তারা কোনো কথা বলতে রাজি হননি। 

সাদুল্লাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ সাহারিয়ার খান বিপ্লব জানান, যুক্তরাষ্ট্রফেরত ঐ দুই জন করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর গত ২২ মার্চ মুহূর্তে ছড়িয়ে পড়লে সাদুল্লাপুর উপজেলা সদর ও হবিবুল্লাপুর গ্রাম জুড়ে সৃষ্টি হয় আতঙ্ক।

সিভিল সার্জন ডা. এ বি এম আবু হানিফ জানান, আইইডিসিআরের সদস্যরা হবিবুল্ল­াপুর গ্রামের বিয়ে অনুষ্ঠানের যে ২৪ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে, তাদের পরীক্ষানিরীক্ষা করবেন। এছাড়াও তারা গাইবান্ধা জেলার বিভিন্ন এলাকায় কোয়ারেন্টাইনে থাকা সন্দেহভাজন কিছু ব্যক্তির পরীক্ষানিরীক্ষা করবেন। তিনি আরো জানান, গতকাল দুপুর পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে বিদেশফেরত ১৩৯ ব্যক্তিকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তাদের মধ্যে ১৩৫ জনই প্রবাসী বাংলাদেশি। গাইবান্ধা জেলা প্রশাসক মো. আব্দুল মতিন বলেন, লকডাউন করার পরিস্থিতি এখনো সৃষ্টি হয়নি।