কমলাপুর রেলওয়ে স্টেশনে ডিবি পুলিশ পরিচয়ে ছিনতাই হওয়া ১৩০ ভরি স্বর্ণালংকারের মধ্যে ৩৫ ভরি উদ্ধার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এ ঘটনায় ডিবি পুলিশ ৫ জনকে গ্রেফতার করেছে। এরা হলেন ইমন ওরফে লাক মিয়া, মোছলেম, আছীব চৌধুরী ওরফে ফিরোজ, জাফর ইকবাল ও মাসুম হাসান।
জানা যায়, গত ১৯ মার্চ বিকাল সাড়ে তিনটা নাগাদ ব্রাহ্মণবাড়িয়ার স্বর্ণ ব্যবসায়ী গহনা জুয়েলার্সের মালিক সুজন বণিকের ভাই প্রীতম বণিক ও সুমন চৌধুরী তাঁতী বাজার থেকে ১৩০ ভরি স্বর্ণালংকার ক্রয় করে ট্রেনযোগে ব্রাহ্মণবাড়িয়া যাবার উদ্দেশ্যে কমলাপুর রেলস্টেশনে পৌঁছায়। স্টেশনে একটি দোকানের সামনে তারা দাঁড়িয়ে ছিল। এ সময় ডিবি পুলিশ পরিচয় ৫/৬ জন ব্যক্তি ব্যাগ ভর্তি ১৩০ ভরি স্বর্ণালংকার নগদ ৪ লাখ ৮০ হাজার টাকা ও তাদের ব্যবহূত দুটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তাদের চিত্কারে আশপাশের লোকজনের সহায়তায় ইমন ওরফে লাক মিয়া নামের এক ছিনতাইকারীকে আটক করা হয়। অন্যরা লুণ্ঠিত সকল মালামাল নিয়ে পালিয়ে যায়। ঘটনার পর ডিবির সিরিয়াস ক্রাইম ইনভেস্টিগেশন টিমের সিনিয়র সহকারী কমিশনার মো. নাজমুল হকের নেতৃত্বে একটি দল তিন দিন রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চার জনকে গ্রেফতার করে। তাদের কাছ থেকে ৩৫ ভরি স্বর্ণালংকার, ১ লাখ ২৬ হাজার টাকা এবং ১টি ছিনতাইকৃত মোবাইল উদ্ধার করা হয়। তবে এখনো ছিনতাই হওয়া বাকি ৯৫ ভরি স্বর্ণালংকার উদ্ধার হয়নি।