কেরানীগঞ্জে অন্যের জমি দখলে গঠিত ‘মোটরসাইকেল বাহিনী’র তিন সদস্যকে রবিবার গ্রেফতার করেছে স্থানীয় পুলিশ। তারা হলেন নবী, মোজাম্মেল ও কাদির। এ সময় তাদের কাছ থেকে দুটি মোটরসাইকেলও জব্ধ করেছে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ।
জানা গেছে, রবিবার দুপুরে ‘কাঁঠালতলী গ্রীন সিটি’র অফিস ভেঙে কোম্পানির জমি বেদখল করতে যায় কথিত মোটরসাইকেল বাহিনীর সদস্যরা। লাঠিসোঁটা, রামদা, রড, চাপাতি নিয়ে দুষ্কৃতকারীরা কোম্পানির কর্মচারীদের আক্রমণের চেষ্টা করলে তারা চিত্কার শুরু করেন। চিত্কার শুনে কাঁঠালতলী গ্রামের লোকজন এসে দুর্বৃত্তদের ঘেরাও এবং পুলিশকে খবর দেয়। পুলিশ তিন জনকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। পরে তাদের বিরুদ্ধে থানায় মামলা করা হয়। কাঁঠালতলী গ্রীন সিটির ব্যবস্থাপনা পরিচালক দেলোয়ার হোসেন ইত্তেফাককে জানান, স্থানীয় হাবিবুর রহমান হাবিবের নির্দেশে তার কোম্পানির কার্যালয়ে হামলা করতে যায় দুর্বৃত্তরা। এ সময় তারা অফিসের কর্মচারীদের মারধর করে এবং এই বলে হুমকি দেয় যে, ‘এখানে কোনো হাউজিং কোম্পানি করা যাবে না, বড়ো ভাইয়ের নির্দেশ রয়েছে’।