করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে সাভারের হেমায়েতপুরে দুটি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। একই গ্রুপের কারখানা দুটিতে প্রায় ৮ হাজার পোশাকশ্রমিক কাজ করতেন। সোমবার সকালে হেমায়েতপুরের শ্যামপুর এলাকায় দীপ্ত অ্যাপারেলস লিমিটেড ও রাজফুলবাড়িয়া ভড়ারি এলাকায় অবস্থিত ডার্ড গার্মেন্টস লিমিটেড নামে পোশাক কারখানায় অনির্দিষ্টকালের বন্ধের নোটিশ টানিয়ে দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছে শিল্প পুলিশ। নোটিশে বলা হয়, অবস্থা স্বাভাবিক হলে কারখানা খোলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
শিল্প পুলিশ-১ এর পরিদর্শক মাহমুদুর রহমান বলেন, করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে সাভারের দুইটি তৈরি পোশাক কারখানা বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। তবে শ্রমিকদের পাওনাদি পরিশোধের ব্যাপারে পরবর্তীতে সরকারি নির্দেশনা অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন মালিকপক্ষ। এছাড়া বন্ধকালীন সময়ে সকল শ্রমিককে চলতি মাসের বেতন পরিশোধ করা হবে বলে কর্তৃপক্ষ তাদেরকে জানিয়েছেন বলেও জানান তিনি।
অন্যদিকে কোয়ারেন্টাইন না মেনে অবাধে ঘুরে বেড়ানোর অপরাধে সাভারের ডেন্ডাবর ফাল্গুনী হাউজিংয়ের খন্দকার ভিলার মালিক খন্দকার মোতাহার হোসেনের ইতালি ফেরত ছেলে মো. আলী নেওয়াজকে চার হাজার টাকা ও পৌর এলাকার ব্যাংক কলোনি মহল্লার ইতালি ফেরত মোতালেব হোসেনকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট পারভেজুর রহমান।