প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের করোনার সার্বিক পরিস্থিতি নিয়ে আগামীকাল বুধবার জাতির উদ্দেশে ভাষণ দেবেন। গতকাল সোমবার সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সভা কক্ষে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ তথ্য জানিয়ে বলেন, প্রধানমন্ত্রীর প্রতি বিশ্বাস রাখুন। যখন যেটা বলতে হবে, প্রধানমন্ত্রী সে সম্পর্কে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে বলবেন।
তিনি বলেন, ২৫ মার্চ প্রধানমন্ত্রী ভাষণ দেবেন। ভাষণ বাংলাদেশ টেলিভিশন ও বেতার থেকে সরাসরি সম্প্রচার করা হবে। ধারণা করা হচ্ছে, করোনা ভাইরাসের সংক্রমণে সরকারের নেওয়া পদক্ষেপ ও প্রয়োজনীয় প্রস্তুতি তুলে ধরে দেশবাসীকে আশ্বস্ত করবেন বঙ্গবন্ধু কন্যা। আসতে পারে আরো কিছু নির্দেশনা।